নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। কাঠমান্ডু ও অন্য শহরে তরুণদের বিক্ষোভের সময় পুলিশের গুলিতে ১৯ জনের মৃত্যু এবং ৪০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় নৈতিক দায়বদ্ধতার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিক্ষোভের সময় কাঠমান্ডুতে ১৭ জন এবং ইটাহারিতে দুই জন নিহত হন।
দ্য কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন বালুওয়াতারে মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে তিনি নেপালি কংগ্রেসের নেতাদের সঙ্গে আলোচনা করে তার সিদ্ধান্তের কথা জানান। রমেশ ১৫ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন।
আগের দিন রোববার নেপালি কংগ্রেসের পদাধিকারীদের বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা এবং বিশ্ব প্রকাশ শর্মা লেখকের পদত্যাগ দাবি করেন। কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা নীরব ছিলেন, কিন্তু লেখক মন্ত্রিসভার বৈঠকে যাওয়ার আগে তার সিদ্ধান্তের কথা সভায় জানান।
নেপালে জেন-জি’দের বিক্ষোভ জবাবদিহিতা এবং শাসনব্যবস্থায় সংস্কারের দাবিতে শুরু হয়েছিলো। পরে তা প্রধান শহরগুলোতে ছড়িয়ে পড়ে। সোমবার কাঠমান্ডু এবং অন্য নগর কেন্দ্রগুলোতে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। যেখানে পুলিশ জনতার উপর গুলি চালায়। যার ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং সরকারের ওপর রাজনৈতিক চাপ তৈরি হয়।
গত চার সেপ্টেম্বর সরকারের ২৬টি সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সিদ্ধান্তের জেরে বিক্ষোভ শুরু হয়। পরে এই আন্দোলন দুর্নীতি ও দুশাসনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।