‘যুক্তরাষ্ট্রে আপনি যদি কোনো নারীকে সুন্দরী বলেন, আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু আমি আমার সুযোগ নিতে চাই।’- এমন মন্তব্যের পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ‘সুন্দরী নারী’ বলে সম্বোধন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এএফপির।
লিঙ্গবৈষম্যবাদী মন্তব্য করার জন্য ট্রাম্প অতীতে সমালোচনার শিকার হয়েছেন। এবার মেলোনিকে সুন্দরী বলেও তিনি আবার সমালোচনার মুখে পড়ার ঝুঁকি নিলেন।
সোমবার (১৩ অক্টোবর) গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির নেতৃত্বে শারম আল শেখে আলোচনায় বসেছিলেন ২০টির বেশি দেশের নেতারা। সেখানে উপস্থিত একমাত্র নারী সরকারপ্রধান ছিলেন মেলোনি।
ওই মন্তব্যের পর ট্রাম্প মেলোনির দিকে ঘুরে বলেন, যদি আমি আপনাকে বলি, আপনি সুন্দরী, আপনি নিশ্চয়ই রাগ করবেন না, তাই না? কারণ, আপনি তা–ই।
ট্রাম্পের প্রশংসা শুনে হেসে মাথা নাড়েন দেখা যায় ৪৮ বছর বয়সের প্রধানমন্ত্রীকে। তবে কেবল রূপই নয়, মেলোনির গুণের প্রশংসাও করেছেন ট্রাম্প।
মেলোনিকে একজন সফল রাজনীতিবিদ বলে ট্রাম্প অভিহিত করেন। বলেন, তিনি (মেলোনি) দারুণ মানুষ। ইতালির মানুষ তাকে সম্মান করে। তিনি খুবই সফল একজন রাজনীতিবিদ।
ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির নথিতে সোমবার ট্রাম্প এবং অন্য দেশের নেতারা সই করেন। সই করা নথি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি। সইয়ের পর ট্রাম্প বলেন, এটি (যুদ্ধবিরতি) কার্যকর থাকবে।