পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩০ জনেরও বেশি এখনও নিখোঁজ রয়েছেন।
শনিবার দেশটির পশ্চিমাঞ্চলের মারাকওয়েট কাউন্টিতে ভয়াবহ এ ভূমিধসের ঘটনা ঘটে। কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে এসব তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন এক্স-এ লিখেছেন, ‘মর্মান্তিক এই ভূমিধসের ঘটনায় ২১ জন নিহত এবং ৩০ জনেরও বেশি লোক এখনও নিখোঁজ রয়েছেন।’
উদ্ধার তৎপরতা জোরদারে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। দুর্গত এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক ও রেডক্রস সদস্যরাও সহায়তা করছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার কারণে কিছু ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।’