ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইসরাইলপন্থি সশস্ত্র গোষ্ঠী পপুলার ফোর্সেসের প্রধান নেতা ইয়াসির আবু শাবাব নিহত হয়েছেন। দখলদার ইসরাইলের এজেন্ট খ্যাত শাবাবের পপুলার ফোর্সেস ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসকে লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়ে আসছিলো। ফলে তার মৃত্যুকে বড় ধরনের ধাক্কা হিসেবেই দেখছে তেল আবিব।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শাবাবের মৃত্যুর তথ্য নিশ্চিত করে একাধিক ইসরাইলি গণমাধ্যম।
ইসরাইলের সেনা বেতারও একটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, আবু শাবাব দক্ষিণ ইসরাইলের সোরোকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে শাবাবের মৃত্যু কখন এবং কীভাবে হয়েছে খবরে তা বলা হয়নি।
এদিকে শাবাবের নেতৃত্বাধীন দল ‘পপুলার ফোর্সেস’ এখন পর্যন্ত তার মৃত্যু খবর নিশ্চিত করেনি।
দক্ষিণ গাজার রাফায় ইসরাইল নিয়ন্ত্রিত এলাকায় বসবাসকারী তারাবিন বেদুইন গোত্রের নেতা আবু শাবাব ওই অঞ্চলের কয়েকটি হামাস-বিরোধী গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছিলেন।
২০২৩ সালে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুর হলে তিনি জেল থেকে পালিয়ে যান। তিনি মাদকসহ বিভিন্ন অপরাধে কারাগারে বন্দি ছিলেন। এরপর রাফাতে তিনি ইসরাইলের এজেন্ট হিসেবে কাজ শুরু করেন।
শাবাবকে ইসরাইলের ‘সহযোগী’ হিসাবে চিহ্নিত করেছিলো হামাস। তাকে হত্যা কিংবা আটক করতে যোদ্ধাদেরকে নির্দেশ দিয়েছিলো হামাস।
মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত জুনে স্বীকার করেছিলেন যে, ইসরাইল গাজার হামাস-বিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়েছে।
গাজায় অক্টোবরে যুদ্ধবিরতির পরও আবু শাবাবের গোষ্ঠী ইসরাইল নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে তৎপরতা চালিয়ে আসছিলো।
সবশেষ গত ১৮ নভেম্বরে শাবাবের দল একটি ভিডিও পোস্ট করেছিলো, যেখানে তাকে তার সহকারীদের "রাফাকে সন্ত্রাসমুক্ত করতে" নিরাপত্তা অভিযান পরিচালনার নির্দেশ দিতে দেখা যায়।