রুশ সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দে একাট্টা ইইউ

কৈয়ের তেলে কৈ ভাজার চেষ্টা করছে ইউরোপ। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের রাখা সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দ করতে শুক্রবার একাট্টা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই পদক্ষেপ ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে সহায়তার জন্য সেই অর্থ ব্যবহারের পথে বড় বাধা দূর করলো।

রাশিয়ার আক্রমণকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখায়, ইইউ ইউক্রেনকে অর্থায়ন এবং লড়াইয়ে সচল রাখতে চায়। এই উদ্দেশ্যে, ইইউ সদস্য দেশগুলো ২০২২ সালে মস্কোর আক্রমণের পর জব্দ করা রাশিয়ার কিছু সার্বভৌম সম্পদ কাজে লাগানোর লক্ষ্য নিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের সরকারগুলো শুক্রবার প্রথম বড় পদক্ষেপে সম্মত হয়েছে, তা হলো- ২১০ বিলিয়ন ইউরো ($২৪৬ বিলিয়ন) মূল্যের রাশিয়ার সার্বভৌম সম্পদ ছয় মাস অন্তর জব্দ করার সময়সীমা বাড়ানোর জন্য ভোট দেয়ার পরিবর্তে, যতদিন প্রয়োজন ততদিন সেগুলোকে স্থবির করে রাখা।

এই পদক্ষেপ হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার ঝুঁকি দূর করবে। এই দেশগুলোর মস্কোর সাথে অন্যান্য ইইউ রাষ্ট্রের তুলনায় ভালো সম্পর্ক রয়েছে এবং তারা ভবিষ্যতে কোনো এক সময়ে এই জব্দ রাখার মেয়াদ বাড়াতে অস্বীকার করে ইইউকে অর্থ রাশিয়ায় ফেরত দিতে বাধ্য করতে পারতো।

সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দ করার এই সিদ্ধান্তটি বেলজিয়ামকে ইইউর পরিকল্পনা সমর্থন করতে উৎসাহিত করবে, যার মাধ্যমে ২০২৬-২৭ সালে ইউক্রেনের সামরিক ও বেসামরিক বাজেট চাহিদা মেটানোর জন্য জব্দ করা রাশিয়ার নগদ অর্থ ব্যবহার করে ১৬৫ বিলিয়ন ইউরো পর্যন্ত ঋণ দেয়া হবে।

এই ঋণ ইউক্রেন কেবল তখনই পরিশোধ করবে যখন রাশিয়া কিয়েভকে যুদ্ধের ক্ষতিপূরণ দেবে। এর ফলে ঋণটি কার্যকরভাবে একটি অনুদান বা গ্র্যান্ট হিসেবে কাজ করবে, যা ভবিষ্যতে রাশিয়ার ক্ষতিপূরণ পরিশোধকে এগিয়ে আনবে।

ইউরোপীয় কাউন্সিলের নেতারা ১৮ ডিসেম্বর বৈঠকে বসবেন এই ক্ষতিপূরণ ঋণের বিশদ চূড়ান্ত করতে এবং বাকি সমস্যাগুলো সমাধান করতে। এর মধ্যে রয়েছে বেলজিয়ামের জন্য ইইউর সব সরকারের কাছ থেকে গ্যারান্টি, যাতে মস্কোর সম্ভাব্য কোনো মামলা সফল হলে বেলজিয়ামকেই দায়ভার বহন করতে না হয়।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বার্লিনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সাথে আলোচনা করবেন। পরে আরও ইউরোপীয়, ইইউ এবং ন্যাটো নেতারা তাদের সাথে যোগ দেবেন বলে জার্মান সরকার জানিয়েছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেঙ্কো ইংরেজিতে 'এক্স' (সাবেক টুইটার) সামাজিক প্ল্যাটফর্মে এই সিদ্ধান্তকে ‘ন্যায়বিচার ও জবাবদিহিতার দিকে একটি যুগান্তকারী পদক্ষেপ’ হিসেবে প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, এই সিদ্ধান্ত ক্ষতিপূরণ ঋণ ব্যবস্থার ভিত্তি মজবুত করে এবং এমন একটি ভবিষ্যতের দিকে আমাদের আরও কাছাকাছি নিয়ে আসে যেখানে রাশিয়া তার অপরাধ ও সৃষ্ট ধ্বংসের জন্য মূল্য দেবে।

ইউরোপীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে, জার্মানি ক্ষতিপূরণ ঋণের কোনো বিকল্প দেখছে না এবং ৫০ বিলিয়ন ইউরোর গ্যারান্টি প্রদান করবে। ইউরোপীয় কমিশনার ফর ইকোনমি ভালদিস ডোমব্রোভস্কিস বলেছেন, বেলজিয়ামের জন্য দৃঢ় গ্যারান্টি তৈরি করা হচ্ছে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ফেসবুকে বলেছেন, তার বিশ্বাস, সংখ্যা গরিষ্ঠ ভোটের মাধ্যমে রাশিয়ার সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দ করার ইইউ’র এই পদক্ষেপ ব্লকের অপূরণীয় ক্ষতি করবে। তিনি বলেন, আইনসম্মত পরিস্থিতি পুনরুদ্ধার করতে হাঙ্গেরি তার সাধ্যমতো সব কিছু করবে।

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বলেছে, তাদের সম্পদ ব্যবহারের ইইউর পরিকল্পনা অবৈধ এবং তাদের স্বার্থ রক্ষার জন্য তারা সব উপায় ব্যবহার করার অধিকার রাখে। ডোমব্রোভস্কিস অবশ্য এই মন্তব্যকে গুরুত্ব দেননি।

ব্যাংক আরও বলেছে, তারা ব্রাসেলস-ভিত্তিক সেন্ট্রাল সিকিউরিটিজ ডিপোজিটরি- ইউরোক্লিয়ারের বিরুদ্ধে মস্কোর একটি আদালতে মামলা করছে, যার কাছে ইউরোপে জব্দ করা মোট সম্পদের মধ্যে ১৮৫ বিলিয়ন ইউরো রয়েছে। ব্যাংক অভিযোগ করেছে, ইউরোক্লিয়ারের ক্ষতিকারক পদক্ষেপগুলো তাদের তহবিল ও সিকিউরিটিজ নিষ্পত্তির ক্ষমতাকে প্রভাবিত করছে।

ফাইনান্সিয়াল টাইমস জানিয়েছে, যুদ্ধ শেষ করার বিষয়ে মার্কিন-মধ্যস্থতায় চলমান আলোচনা অনুযায়ী, ইউক্রেন ২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যে ইইউ’তে যোগ দিতে পারে। 

পরিকল্পনা সম্পর্কে ব্রিফ করা একজন ইউরোপীয় কূটনীতিক বলেছেন, ২০২৭ সালের মধ্যে ইউক্রেনের অন্তর্ভুক্তি অর্জন করা অত্যন্ত কঠিন হবে এবং ইইউ নেতৃত্ব এটি সমর্থন করে কিনা তা স্পষ্ট নয়। অন্যান্য বেশ কয়েকজন ইউরোপীয় কর্মকর্তা ও কূটনীতিক বলেছেন যে এই লক্ষ্যমাত্রা একেবারেই অসম্ভব।