এবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজকেও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেলসি রদ্রিগেজ ‘যদি ঠিক কাজটা না করেন’, তাহলে তাকে মাদুরোর চেয়েও ‘বড় মূল্য’ দিতে হতে পারে।
রোববার মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই সতর্কবার্তা দিয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ট্রাম্প বলেন, যা করা উচিত, তা যদি তিনি (দেলসি রদ্রিগেজ) না করেন, তাহলে তাকে অনেক বড় মূল্য দিতে হবে, সম্ভবহ মাদুরোর চেয়েও বেশি। ভেনেজুয়েলায় দ্বিতীয়বার অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় যাবতীয় প্রস্তুতি আমাদের আছে।
তিনি আরও বলেন, এমন কিছু লোকজনের সঙ্গে আমাদের কাজ করতে হচ্ছে, যারা মাত্র শপথ নিয়েছেন। আমি আশা করবো তারা আমাদের সহযোগিতা করবেন। যথাসময়ে ভেনেজুয়েলায় নির্বাচন হবে।
আমাদের অবস্থান অনড়; আর তা হলো— আমরা ভেনেজুয়েলার তেল ও অন্যান্য সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ চাই, বলেও মন্তব্য করেন তিনি।
কয়েক মাসের অব্যাহত সামরিক চাপ ও হুমকি-ধামকির পর গত শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিউইয়র্কে নিয়ে যায়। সেখানে মাদুরোকে এক বন্দিশিবিরে রেখে ‘মাদক পাচার’র অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ভেনেজুয়েলাকে ‘চালাবে’ এবং এর বিশাল তেলের ভাণ্ডার ব্যবহার করবে। তবে আমেরিকা কীভাবে এটা করবে তা বিস্তারিত জানাননি তিনি।
রদ্রিগেজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে দেশটিতে মার্কিন অভিযানের বিরোধিতা করেছেন বলে দাবি করে এই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর গত শনিবার ট্রাম্প প্রথমে রদ্রিগেজের প্রশংসা করেছিলেন। তবে রদ্রিগেজ পরে বলেন, তার দেশ তাদের প্রাকৃতিক সম্পদ রক্ষা করবে।