গেলো অক্টোবরের পর ট্রাম্পের সঙ্গে আর কথা হয়নি: মাচাদো

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো সোমবার জানিয়েছেন, গত অক্টোবরের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার আর কোনো কথা হয়নি। ফক্স নিউজের ‘হানিটি’ অনুষ্ঠানে মাচাদো বলেন, আসলে, ১০ অক্টোবর যেদিন নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয়, সেদিনই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার কথা হয়েছিল; কিন্তু এরপর আর কথা হয়নি।

নরওয়েজীয় নোবেল শান্তি কমিটির ভাষ্যমতে, একটি স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। মাচাদোকে বর্তমানে ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সবচেয়ে গ্রহণযোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়। 

গত মাসে পুরস্কার গ্রহণের জন্য নরওয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি ভেনেজুয়েলা ত্যাগ করেন এবং এরপর আর দেশে ফেরেননি। ভেনেজুয়েলায় ফেরার পরিকল্পনা সম্পর্কে ফক্স নিউজকে তিনি বলেন, আমি যত দ্রুত সম্ভব দেশে ফেরার পরিকল্পনা করছি। 

শনিবার ভেনেজুয়েলায় মার্কিন হামলা এবং দেশটির প্রেসিডেন্টকে বন্দি করার পর এটিই ছিল মাচাদোর প্রথম সাক্ষাৎকার। মার্কিন এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এটি মানবতা, স্বাধীনতা এবং মানবিক মর্যাদার জন্য এক বিশাল পদক্ষেপ।

সোমবার ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট এবং তেলমন্ত্রী ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তবে সপ্তাহান্তে ওয়াশিংটনের আকস্মিক পদক্ষেপ দক্ষিণ আমেরিকার এই দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে অনেক প্রশ্ন ও সংশয় তৈরি করেছে।

এদিকে শনিবার ট্রাম্প মাচাদোর সাথে কাজ করার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, দেশের ভেতরে তার (মাচাদোর) যথেষ্ট সমর্থন বা সম্মান নেই।