দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায় আর নেই। পাঠকদের কাছে ‘শংকর’ নামে পরিচিত এই প্রখ্যাত লেখক কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছিলেন এই সাহিত্যিক। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেশ কয়েক দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই আজ তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯৩ বছর।
মণিশংকর মুখোপাধ্যায়ের লেখনীতে সমৃদ্ধ হয়েছে বাংলা সাহিত্য। তার উল্লেখযোগ্য ও জনপ্রিয় উপন্যাসের মধ্যে রয়েছে— চৌরঙ্গী, সীমাবদ্ধ, জন অরণ্য, ঘরের মধ্যে ঘর এবং নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি।
সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সাহিত্য অ্যাকাডেমি ও বঙ্কিম পুরস্কারসহ একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন।