ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা প্রত্যাহার

ইন্দোনেশিয়ার উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় এক নারী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৪৮ মিনিটে দেশটির টারনাটে শহরের উপকূলে নর্দান মালুক্কা সাগরে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে এর তীব্রতা ৭ দশমিক ৮ মাত্রার বলা হলেও পরে তা ৭ দশমিক ৪ মাত্রায় নামিয়ে আনা হয়। 

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল টারনাটে শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে। 

এদিকে ভূমিকম্পটি আঘাত হানার পরপরই জারি করা হয়েছিল সুনামি সতর্কতা। তবে ঘণ্টা দুয়েক পর সেই সতর্কতা তুলে নিয়েছে হাওয়াইভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।

স্থানীয় প্রশাসন টারনাটে ও টিডোরসহ আশপাশের এলাকায় নাগরিকদের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে। 

ভূমিকম্পে দেশটিতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় উদ্ধারকারীরা জানিয়েছেন, ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ৭০ বছর বয়সী একজন নারী নিহত হয়েছেন। এছাড়া ভবন থেকে লাফিয়ে পড়ে আরও এক বাসিন্দা আহত হয়েছেন।