১৩ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার উৎক্ষেপিত দূরপাল্লার মিসাইল
উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে দুইটি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করার অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া। দূরপাল্লার ক্রুজ মিসাইল ছোঁড়ার মাত্র দুইদিন পরই আবার মিসাইল উৎক্ষেপণ করলো দেশটি।
বুধবার (১৫ সেপ্টেম্বর) উৎক্ষেপিত এই মিসাইল সর্বোচ্চ ৬০ কিলোমিটার উচ্চতায় উঠে প্রায় আটশ' কিলোমিটার দূরত্ব প্রদক্ষিণ করে।
দক্ষিণ কোরিয়ার চীফ অফ স্টাফ জানিয়েছেন, উত্তর কোরিয়ার কেন্দ্রীয় স্থলভাগ থেকে মিসাইল দুটি জাপান সাগরের দিকে উৎক্ষেপিত হয়। এ ঘটনার পর দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সহায়তায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, বুধবার (১৫ সেপ্টেম্বর) পানির নিচে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর। সম্ভাব্য বাহ্যিক হুমকি থেকে প্রতিরোধের জন্যই এই পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই মিসাইল আপাতত যুক্তরাষ্ট্র বা অন্য কোন দেশের জন্য হুমকির সৃষ্টি করবে না।
তবে, একে আশেপাশের অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।
আরও পড়ুন: হাইতির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রেসিডেন্টকে হত্যার অভিযোগ
উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণের লক্ষ্যে জাতিসংঘের নীতিমালার বিরুদ্ধে যায় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা। অতীতে উত্তর কোরিয়া যেসব দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে সেগুলো প্রায় সম্পূর্ণ পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অর্ধেক অংশে আঘাত হানতে পারে বলে ধারণা করা হয়।
তীব্র খাদ্যাভাব ও অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত উত্তর কোরিয়া কীভাবে পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করতে পারছে তা নিয়ে অনেকেই চিন্তিত। এদিকে, বুধবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসবেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সেখানে পারমাণবিক অস্ত্র নিয়ে তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।
একাত্তর/এসজে