ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহত ৯০০ পার, নিখোঁজ ৫০ হাজার

ভেনিজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়ে গেছে। নিখোঁজ রয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনও শত শত মানুষ জীবিত আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় দুই দিন পর বিধ্বস্ত এলাকাগুলোতে আন্তর্জাতিক সাহায্য ও উদ্ধারকারী দল পৌঁছাতে শুরু করেছে। খবর রয়টার্সের।

গত বুধবার সন্ধ্যায় দেশটির রাজধানী কারাকাস ও এর আশপাশের এলাকায় শতাব্দীর অন্যতম শক্তিশালী সাত দশমিক দুই ও সাত দশমিক পাঁচ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্যোগে সরাসরি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ছয় দশমিক সাত বিলিয়ন ডলার। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই শুক্রবার বিকেলে ওই অঞ্চলে চার দশমিক ৯ মাত্রার একটি মৃদু আফটারশক অনুভূত হলে স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভেনিজুয়েলা সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৯২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন তিন হাজার ৩৬০ জন। এছাড়া এখনও ১৭২ জন ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরাসহ বেশ কিছু এলাকায় সরকারি উদ্ধার তৎপরতার ধীরগতি নিয়ে উপদ্রুত মানুষের ক্ষোভ ও হতাশা বাড়ছে। ভারী সরঞ্জামের অভাবে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা খালি হাতেই কংক্রিটের চাঁই সরিয়ে আপনজনদের খোঁজার চেষ্টা করছেন।

২৫ বছর বয়সী জেনিফার প্যালাসিওস জানান, লা গুয়াইরা শহরের ‘হুগো শ্যাভেজ হাউজিং কমপ্লেক্স’-এর আটটি বহুতল ভবন ধসে তার ছয় বছরের ছেলেসহ পরিবারের ছয় সদস্য ভেতরে চাপা পড়ে আছেন। কান্নাকণ্ঠেই তিনি বলেন, স্থানীয় লোকজনই কেবল নিজেদের চেষ্টায় কিছু মানুষকে জীবিত বের করতে পেরেছে। বড়ো বড়ো কংক্রিটের স্ল্যাব সরানোর জন্য দ্রুত ক্রেন দরকার। ভেতরে এখনও মানুষ কাদছে।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেনিজুয়েলার দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ তার সরকারের জন্য একটি বড়ো রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখা দিয়েছে।

দেশটির তেলমন্ত্রী পাওলা হেনাও অবশ্য জানিয়েছেন, ভূমিকম্পে ভেনিজুয়েলার প্রধান চালিকাশক্তি তেল খাতের অবকাঠামোগত কোনো বড়ো ক্ষতি হয়নি এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে। তবে লা গুয়াইরার কাতিয়া লা মার এলাকায় ক্ষতিগ্রস্ত দোকানপাট থেকে মানুষের খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশ বা ন্যাশনাল গার্ডকে এতে বাধা দিতে দেখা যায়নি।

ভেনিজুয়েলার সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ ভুলে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রদ্রিগেজ শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেছেন। মার্কিন প্রশাসন ১৫০ মিলিয়ন ডলারের জরুরি সহায়তা ঘোষণা করার পাশাপাশি ভেনিজুয়েলার ওপর থাকা নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে। উদ্ধারকাজে সহায়তার জন্য মার্কিন সামরিক বাহিনীর দুটি জাহাজ ও হেলিকপ্টার পাঠানো হয়েছে।

পাশাপাশি এল সালভাদরের ৫০ সদস্যের একটি চৌকস উদ্ধারকারী দল ড্রোন, হিট স্ক্যানার ও স্নিফার ডগ নিয়ে লা গুয়াইরার লস কোরালেস এলাকায় উদ্ধারকাজ শুরু করেছে। এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তার দেশের উদ্ধারকারীরা ধসে পড়া একটি বহুতল ভবনের নবম তলায় পোষা প্রাণীসহ আটকে থাকা এক ১৫ বছর বয়সী কিশোরীকে জীবিত শনাক্ত করেছেন এবং তাকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছেন।