‘আপনারা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের যোগ্য নন’: মার্কিন মন্ত্রীকে আরাগচি

মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীর এক বক্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র নিজেদের আচরণের মাধ্যমে প্রমাণ করেছে যে, তারা একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনেরও যোগ্য নয়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মঙ্গলবার (৩০ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় আরাগচি মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী মার্ক ওয়েন মুলেনকে উদ্দেশ করে লেখেন, “জনাব মুলেন, আপনি সফলভাবে আপনার মিশন সম্পন্ন করেছেন।”

তিনি আরও বলেন, “তবে এর পাশাপাশি আপনাদের আরেকটি কৃতিত্ব রয়েছে। আপনারা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে, একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের যোগ্যও নন। আন্তর্জাতিক কোনো ক্রীড়া আসর আয়োজনের মাধ্যমে যে বিশ্বাসযোগ্যতা ও মর্যাদা অর্জন করা যায়, আপনাদের ব্যবস্থাপনা সেটিকে নষ্ট করার একটি নিখুঁত উদাহরণে পরিণত হয়েছে।” 

এর আগে ২০২৬ সালের বিশ্বকাপ থেকে ইরান জাতীয় দলের বাদ পড়ার প্রতিক্রিয়ায় মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী মার্ক ওয়েন মুলেন দাবি করেন, এই ফলাফল নিশ্চিত হওয়ার পর তিনি “আনন্দে নেচেছিলেন।”

মুলেনের এই মন্তব্য ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, এ ধরনের বক্তব্য বিশ্বকাপ থেকে ইরানকে বাদ দেওয়ার প্রক্রিয়ায় মার্কিন কর্মকর্তাদের নেপথ্য ভূমিকা নিয়ে প্রশ্ন আরও জোরালো করেছে। 

বিশ্লেষকদের একাংশও মনে করছেন, মার্কিন মন্ত্রীর মন্তব্য ক্রীড়াঙ্গনে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগকে নতুন করে উসকে দিয়েছে। 

এসব অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।