হুথিদের ওপর হামলায় সৌদির অনুরোধ প্রত্যাখ্যান ট্রাম্পের

ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর মোখা হুথিদের দখলে যাওয়ার পর তাদের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা চালানোর জন্য সৌদি আরবের করা অনুরোধ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার হুথিরা যখন ‘বাব আল-মান্দেব প্রণালী’র দিকে অগ্রসর হচ্ছিল, তখন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দ্রুত পরপর দুবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। 

এ সময় ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সরাসরি সামরিক হামলা চালানোর অনুরোধ জানান তিনি। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন ট্রাম্প।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ইরান-সমর্থিত হুথিরা কৌশলগত উপকূলীয় শহর মোখা দখলের পর বাব আল-মান্দাব প্রণালীর দিকে অগ্রসর হচ্ছে। গুরুত্বপূর্ণ এই নৌপথের কাছাকাছি হুথিদের অগ্রযাত্রায় সৌদি আরব উদ্বিগ্ন হয়ে মার্কিন সামরিক হস্তক্ষেপের অনুরোধ জানায়।

তবে হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ইয়েমেনের সংঘাতে আরও গভীরভাবে জড়িয়ে পড়ার বদলে সৌদি আরবকে সহায়তা বাড়ানোর দিকেই মনোযোগ দিচ্ছে ট্রাম্প প্রশাসন।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জরুরি সমন্বয় আলোচনার জন্য সৌদি আরব সফর করেছেন। ওয়াশিংটনের বর্তমান কৌশলের মধ্যে রয়েছে ইরানকে মোকাবিলা করা এবং কৌশলগত হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা।

মোখা শহরটি বাব আল-মান্দাব প্রণালীর প্রায় ৭৫ কিলোমিটার উত্তরে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা এই প্রণালী আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। ফলে মোখা দখলের পর বাব আল-মান্দাবের দিকে হুথিদের অগ্রযাত্রা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও বাড়ছে।

এর আগে তিনজন ইয়েমেনি সরকারি কর্মকর্তার বরাত দিয়ে মোখা দখলের খবর নিশ্চিত করে রয়টার্স। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনী শহরটি থেকে সরে যাওয়ার পর হুথিরা সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

এদিকে মোখা দখলের পর হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে ইয়েমেনের সরকারি বাহিনী ও তাদের মিত্রদের তৎপরতা বাড়ছে। একই সঙ্গে সৌদি আরব লোহিত সাগরের নৌপথকে হুথিদের হুমকি থেকে সুরক্ষিত রাখতে আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগও নিচ্ছে।

ইয়েমেনে ২০২২ সালের যুদ্ধবিরতির পর বড় ধরনের সংঘাত কিছুটা কমলেও সাম্প্রতিক সময়ে আবারও লড়াই তীব্র হয়েছে। মোখা দখল এবং বাব আল-মান্দাবের দিকে হুথিদের অগ্রসর হওয়ার ঘটনায় ইয়েমেনের সংঘাতের পাশাপাশি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথটির নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।