ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে ইরান-সমর্থিত হুথিরা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনীর কাছ থেকে উপকূলের সর্বশেষ শহরগুলো দখলের পর বাব আল-মান্দাব প্রণালির কাছের দ্বীপগুলোর দিকেও অগ্রসর হয়েছে তারা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে রয়টার্স ও এএফপির তথ্যও তুলে ধরা হয়েছে।
আল জাজিরা জানায়, শুক্রবার ভোরে দ্রুত অগ্রসর হয়ে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের সর্বশেষ শহরগুলো দখল করে হুথি যোদ্ধারা। বৃহস্পতিবার মোখা শহরে পৌঁছানোর পর তারা উপকূল ধরে আরও দক্ষিণে অগ্রসর হয়।
ইয়েমেন সরকারের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, হুথিরা বাব আল-মান্দাবের উপকূলীয় শহর ধুবাবেও পৌঁছেছে। সরকারি বাহিনী সরে যাওয়ার পর হুথি যোদ্ধাদের নৌকা বাব আল-মান্দাব প্রণালির গুরুত্বপূর্ণ মায়ুন দ্বীপে পৌঁছেছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।
মাঠপর্যায়ের সূত্রের বরাতে ইয়েমেন প্রেস এজেন্সি জানিয়েছে, প্রণালিকে নিয়ন্ত্রণে রাখা আল-ওমারি সামরিক ক্যাম্পও দখল করেছে হুথিরা। একটি সূত্র এএফপিকে জানিয়েছে, বাব আল-মান্দাব এলাকায় হুথিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।
তবে বাব আল-মান্দাবের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে হুথি সরকার এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
বাব আল-মান্দাব লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বার। গুরুত্বপূর্ণ এই নৌপথটি এডেন উপসাগরের সঙ্গে লোহিত সাগরকে যুক্ত করেছে। এর নিয়ন্ত্রণ হুথিদের হাতে যাওয়ায় আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জ্বালানি পরিবহনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে হুথিদের অগ্রযাত্রার পর আল-মাখা বিমানবন্দরে সৌদি বিমান হামলার খবর পাওয়া গেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি এবং হামলার খবর স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একই সময়ে ইয়েমেনের ওপর সৌদি অবরোধ বন্ধ এবং আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। মোখা দখলের পর ইয়েমেন নিয়ে তেহরানের এটিই প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।