ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
রোববার এক বিবৃতিতে হামাস ব্রিকসের অবস্থানকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকার সমর্থনের জন্য জোটটির প্রশংসা করেছে। খবর পার্সটুডের।
ব্রিকসের ঘোষণায় ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার এবং ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানানো হয়েছে।
এ ছাড়া জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ সমর্থন, গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক অস্থায়ী বা স্থায়ী উচ্ছেদ প্রত্যাখ্যান এবং উপত্যকাটির ভৌগোলিক ও জনমিতিক কাঠামো পরিবর্তনের বিরোধিতা করেছে ব্রিকস।
ইসরাইলি দখলদারিত্বের অবসান, অধিকৃত জেরুজালেমের ঐতিহাসিক ও আইনগত মর্যাদা পরিবর্তনের একতরফা পদক্ষেপ প্রত্যাখ্যান এবং আন্তর্জাতিক ও মানবিক আইন মেনে চলার আহ্বানও জানানো হয়েছে ঘোষণায়।
অন্যদিকে যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধার ব্যবহার, বেসামরিক মানুষ ও স্থাপনাকে লক্ষ্যবস্তু করা এবং মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ার নিন্দা করেছে ব্রিকস। একই সঙ্গে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর প্রতি সমর্থনও জানিয়েছে জোটটি।
ব্রিকসের সদস্যদেশগুলোর প্রতি এসব অবস্থানকে কার্যকর পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছে হামাস, যাতে ফিলিস্তিনিদের স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণ এবং জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার বাস্তবায়নের পথ তৈরি হয়।