সৌদি আরবে আশঙ্কাজনক ও নজিরবিহীন হারে বৃদ্ধি পেয়েছে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসেই (১ জানুয়ারি থেকে ২২ জুন পর্যন্ত) মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অন্তত ৯৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে শুধু মাদকসংক্রান্ত অপরাধের অজুহাতেই ৬১ জনের প্রাণদণ্ড কার্যকর করে কর্তৃপক্ষ।
অ্যামনেস্টির দীর্ঘমেয়াদী পরিসংখ্যানে উঠে এসেছে এই ভয়াবহ চিত্র। ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত গত সাড়ে ১২ বছরে সৌদি কর্তৃপক্ষ ২,০৮৪ জন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬১ জনের মধ্যে ৩৯ জনই ছিলেন বিভিন্ন দেশের প্রবাসী নাগরিক এবং ২২ জন ছিলেন স্থানীয় সৌদি নাগরিক। বিদেশি ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন ইথিওপিয়ার ৭ জন, পাকিস্তানের ৭ জন, সুদানের ৫ জন, জর্ডানের ৪ জন এবং সিরিয়ার ৩ জন নাগরিকসহ আরও বেশ কয়েকটি দেশের বাসিন্দা।
এছাড়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের খামিস মুশাইত বন্দিশালার একটি কক্ষেই বর্তমানে ৬৩ জন ইথিওপিয়ান নাগরিক গাঁজা পাচারের অভিযোগে মৃত্যুদণ্ডের মুখোমুখি দাঁড়িয়ে আছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষক দানা আহমেদ উদ্বেগ প্রকাশ করে জানান, আন্তর্জাতিক আইন ও মানদণ্ড অনুযায়ী যেসব অপরাধে কখনোই মৃত্যুদণ্ড হওয়া উচিত নয়, সেখানে সাধারণ মাদক মামলায়ও নিয়মিত প্রাণদণ্ড দেওয়া হচ্ছে। বিশেষ করে বিদেশি প্রবাসীরা অবিচারমূলক বিচার প্রক্রিয়ার শিকার হয়ে মৃত্যুদণ্ডের সম্মুখীন হচ্ছেন।
পরিসংখ্যান অনুযায়ী, বিগত ২০২৫ সালে সৌদিতে সর্বকালের রেকর্ডসংখ্যক অন্তত ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, যা ২০২৪ সালের (১২২ জন) তুলনায় প্রায় তিন গুণ বেশি। এসব ঘটনায় ভুক্তভোগীদের সিংহভাগই প্রবাসী। ২০২৪ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ৭৫ শতাংশ এবং ২০২৫ সালে ৭৮ শতাংশই ছিলেন বিদেশি নাগরিক।
সর্বশেষ তথ্যানুযায়ী, গত শনিবার পূর্বাঞ্চলীয় প্রদেশে সন্ত্রাসবাদ ও দেশবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে পাঁচ সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রাজকীয় ফরমান জারির পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে। এর আগে গত ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশি নাগরিকেরও মৃত্যুদণ্ড কার্যকরের খবর পাওয়া যায়। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি-র সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসেই সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা পৌঁছেছে ১৮৮ জনে।