গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে শুরু করা মার্কিন সামরিক অভিযানের আট মাস পেরিয়ে গেলেও জয়ের কোনো স্পষ্ট সংকেত দেখতে পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয়ের পর যুদ্ধ বন্ধের ঘরোয়া রাজনৈতিক চাপ তীব্র হওয়ায় অবশেষে কূটনৈতিক দরকষাকষির টেবিলে জোর দিয়েছে হোয়াইট হাউস।
এরই ধারাবাহিকতায় সোমবার ওয়াশিংটনে মূল মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে, সিনিয়র মার্কিন ও পারস্য উপসাগরীয় অঞ্চলের কর্মকর্তারা এই মুহূর্তে কোনো দ্রুত চুক্তি বা কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনাকে খারিজ করে দিয়েছেন।
গত সপ্তাহে তেহরান সফর শেষে ওয়াশিংটনে এসেছেন কাতারের প্রধানমন্ত্রী। কাতার সংঘাতের শুরু থেকেই দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান এবং মতপার্থক্য দূর করতে মুখ্য ভূমিকা পালন করে আসছে। ইরান যুদ্ধ বন্ধের জন্য একটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে, যা মাত্র দুই দিনের মধ্যে কার্যকর করা সম্ভব বলে দাবি করেছে তেহরান। তাদের প্রস্তাবে বলা হয়েছে:
- মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া।
- ইরানের ওপর থেকে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার।
- বিমান হামলা অবিলম্বে বন্ধ করা।
এর বিনিময়ে তেহরান প্রণালীতে নিজেদের অবরোধ তুলে নেবে এবং পরবর্তীতে পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য নিষেধাজ্ঞা নিয়ে আলোচনায় বসবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই প্রস্তাবকে ‘সবচেয়ে যুক্তিসঙ্গত’ বলে বর্ণনা করেছেন।
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের এই প্রস্তাবকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করে একে হাস্যকর, অপমানজনক এবং সম্পূর্ণ অবাস্তব বলে আখ্যা দিয়েছেন। যদিও রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নির্বাচনে দলের চরম পরাজয়ের জন্য এই দীর্ঘায়িত ইরান যুদ্ধকেই দায়ী করেছেন, তবুও পররাষ্ট্রমন্ত্রী রুবিও মনে করেন না যে দ্রুত কোনো সমাধান মিলবে।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সিনিয়র কর্মকর্তা আনোয়ার গারগাশও একই সুর মিলিয়ে বলেছেন, আমাদের দীর্ঘমেয়াদী অনিশ্চয়তার জন্য প্রস্তুত থাকা উচিত। যেখানে একটি চূড়ান্ত সমাধান কিংবা স্থিতিশীল আঞ্চলিক শৃঙ্খলা কোনোটাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
সামরিক হামলা ও হরমুজ প্রণালীতে উত্তেজনা: কূটনৈতিক আলোচনার গুঞ্জনের মধ্যেই দুপক্ষের মধ্যে সামরিক হামলা-পাল্টা হামলা অব্যাগত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, রোববার রাতে ইরানের কৌশলগত কেশম দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, এতে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।
অন্যদিকে, চলতি মাসে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজে আক্রমণের হার যুদ্ধের শুরু থেকে যেকোনো সময়ের চেয়ে বহুগুণ বেড়ে গেছে। রোববার হরমুজ প্রণালীর পূর্বে একটি তেল ট্যাংকার সমুদ্র-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে তেহরান।
এর পাশাপাশি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত সৌদি আরামকো ভবনে আঘাত হেনেছে।
উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই সর্বাত্মক যুদ্ধের জেরে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতি পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে চরম হুমকির মুখে ফেলে দিয়েছে।