২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হতে এখনো বেশ খানিকটা সময় বাকি। দলীয় মনোনয়নের লড়াই শুরু হতেও এক বছরের বেশি দেরি। তবে এরই মধ্যে হোয়াইট হাউসের পরবর্তী বাসিন্দা কে হতে পারেন, তা নিয়ে আমেরিকার ভোটারদের মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে।
রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক এক জনমত জরিপ বলছে, সম্ভাব্য প্রার্থীদের এই আগাম দৌড়ে ভোটারদের সবচেয়ে বেশি নজর কেড়েছেন চারজন নেতা। রিপাবলিকান শিবির থেকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ডেমোক্র্যাট শিবির থেকে জর্জিয়ার সিনেটর জন অসফ ও সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিজিজ আলোচনায় এগিয়ে রয়েছেন।
সোমবার শেষ হওয়া এই জরিপে যুক্তরাষ্ট্রের ১ হাজার ৭০৫ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন, যার মধ্যে উভয় দলের প্রায় ৫০০ জন করে নিবন্ধিত ভোটার ছিলেন।
জরিপের ফলাফলে দেখা গেছে, ৪৫ শতাংশ রিপাবলিকান ভোটার মনে করেন মার্কো রুবিও প্রেসিডেন্ট পদের জন্য একজন চমৎকার প্রার্থী হতে পারেন। অন্যদিকে, জেডি ভ্যান্সের ক্ষেত্রে একই মত দিয়েছেন ৪৩ শতাংশ রিপাবলিকান ভোটার। ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে জন অসফ এবং পিট বুটিজিজ উভয়েই ২৯ শতাংশ ভোটারের কাছে পছন্দের শীর্ষে রয়েছেন।
পুরো এই রাজনৈতিক সমীকরণের ওপর বড় ছায়া ফেলেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনপ্রিয়তায় ক্যারিয়ারের অন্যতম তলানিতে থাকা ট্রাম্পকে ঘিরে দুই দলেই চলছে নানা হিসাব-নিকাশ। রিপাবলিকানরা দ্বিধায় আছেন, তারা কি ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করবেন, নাকি এমন কাউকে বেছে নেবেন যিনি ট্রাম্পের নীতি থেকে কিছুটা বেরিয়ে আসবেন?
বিশেষ করে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো এবং এর ফলে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় রিপাবলিকানদের একাংশের মধ্যে ট্রাম্পের প্রতি অসন্তোষ বাড়ছে। গত ৩ নভেম্বরের কংগ্রেস নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির জন্য প্রকাশ্যেই ইরান যুদ্ধকে দায়ী করে ট্রাম্পের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন জেডি ভ্যান্স।
অন্যদিকে, শীর্ষ কূটনীতিক হওয়া সত্ত্বেও ইরানের সঙ্গে শান্তি আলোচনায় মার্কো রুবিওর অনুপস্থিতি নজর কেড়েছে। ফ্লোরিডার এক আইনজীবী ও ট্রাম্পের দীর্ঘদিনের সমর্থক বারবারা রেজনারের মতে, ভ্যান্স ট্রাম্পের বড্ড বেশি ঘনিষ্ঠ এবং অতি-দক্ষিণপন্থী, সে তুলনায় রুবিও অনেকটাই ভারসাম্য বজায় রেখে নিজের কাজ করে যাচ্ছেন। ট্রাম্প নিজেও সিবিএসের 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে জানিয়েছেন, রিপাবলিকান প্রাইমারিতে তিনি কাউকে সমর্থন দেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
রিপাবলিকান শিবিরে এই দুজন ছাড়াও আরও প্রায় এক ডজন নেতার নাম আলোচনায় আছে। এর মধ্যে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে ৩২ শতাংশ ভোটার ভালো বিকল্প হিসেবে দেখছেন। এ ছাড়া ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও সিনেটর টেড ক্রুজের যেমন সমর্থক আছে, তেমনি সমালোচকও কম নয়।
অন্যদিকে, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিধ্বস্ত করে দারুণ ফুরফুরে মেজাজে আছেন ডেমোক্র্যাটরা। তবে তাদের সামনে প্রশ্ন হলো, ট্রাম্পের বিরুদ্ধে তারা কতটা আক্রমণাত্মক হবেন? নিউইয়র্কের কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ ট্রাম্পকে অভিশংসনের (ইমপিচমেন্ট) কথা বললেও পিট বুটিজিজ জানিয়েছেন, এ বিষয়ে তার তেমন আগ্রহ নেই।
জরিপেও দেখা গেছে, ডেমোক্র্যাট ভোটাররা অতি-প্রগতিশীলদের চেয়ে মধ্যপন্থী নেতাদেরই বেশি পছন্দ করছেন। ইলিনয়ের অবসরপ্রাপ্ত কৃষক এড ব্লেয়ারের মতে, বড় কোনো বৈপ্লবিক পরিবর্তনের চেয়ে ধাপে ধাপে সংস্কারই মানুষের মানিয়ে নেওয়ার জন্য ভালো। আর এ কারণেই মধ্যপন্থী হিসেবে পরিচিত অসফ ও বুটিজিজ এগিয়ে আছেন। গত সপ্তাহে জর্জিয়ায় ১৮ শতাংশ ভোটের বিশাল ব্যবধানে পুনর্নির্বাচিত হয়ে নিজের শক্তিমত্তার প্রমাণ দিয়েছেন জন অসফ।
তবে জাতীয় পর্যায়ে পরিচিতির দিক থেকে বুটিজিজ কিছুটা এগিয়ে আছেন; কারণ ২০২০ সালেও তিনি প্রেসিডেন্ট পদে লড়েছিলেন। জরিপ বলছে, প্রায় এক-তৃতীয়াংশ ডেমোক্র্যাট ভোটার অসফের নাম শোনেননি, যেখানে বুটিজিজকে চেনেন না এমন ভোটারের সংখ্যা পাঁচজনে একজন। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমকে ২৩ শতাংশ ভোটার যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন, যেখানে ওকাসিও-কর্টেজের পক্ষে মত দিয়েছেন ১৫ শতাংশ।
তবে এখনই এসব জরিপের ফলাফল নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে নারাজ ডেমোক্র্যাট কৌশলবিদ ইলেইন কামার্ক। তার মতে, ২০২৮ সালের নির্বাচন এখনো অনেক দূরের পথ। উভয় দলেরই অনেক নেতা এখনো ভাবছেন তারা নির্বাচনে দাঁড়াবেন কি না। তাই কে প্রার্থী হবেন তা হয়তো কিছুটা অনুমান করা যায়, কিন্তু শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবেন, তা বলার সময় এখনো আসেনি।