সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির অনুমোদন সম্পন্ন করল তুরস্ক

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আইনগত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করেছে তুরস্ক।

শনিবার (১৪ নভেম্বর) দেশটির সরকারি গেজেটে এ-সংক্রান্ত আইন প্রকাশের মধ্য দিয়ে অনুমোদন প্রক্রিয়া শেষ হয়।

গত ১৩ নভেম্বর প্রণীত আইনটি গেজেটে প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। এর আগে গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্টে চুক্তিটি অনুমোদিত হয়।

গত ৭ আগস্ট মক্কায় চুক্তিতে স্বাক্ষর করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

চুক্তির লক্ষ্য তিন দেশের মধ্যে সামরিক সমন্বয়, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা জোরদার করা। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ায় এ চুক্তি নতুন গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তায় এর সম্ভাব্য প্রভাব নিয়েও প্রশ্ন উঠেছে।

যৌথ কৌশলগত, রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির সচিবালয়ে অনুমোদনের চূড়ান্ত দলিল জমা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে চুক্তিটি কার্যকর হবে।

সূত্র: আল-জাজিরা