বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২০ নভেম্বর দুপুরের দিকে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম ও দক্ষিণ ওডিশা উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এ সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছাতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৯ ও ২০ নভেম্বর ভারতের উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম ও ওডিশার বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এর আগে ধারণা করা হয়েছিল, ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলে নেল্লোর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায় আঘাত হানতে পারে।
সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২০ নভেম্বর দুপুরের দিকে উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম ও দক্ষিণ ওডিশা উপকূলে নরসাপুর ও পুরীর মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে চেন্নাই থেকে প্রায় ৫৭০ কিলোমিটার পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, মাচিলিপত্তনম থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, গোপালপুর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণে এবং পুরী থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৯ ও ২০ নভেম্বর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম ও ওডিশার বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ পরিস্থিতিতে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের পাশাপাশি দক্ষিণ ওডিশা উপকূলেও সতর্কতা জারি করা হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম ও ওডিশার বাসিন্দাদের সতর্ক থাকার এবং সর্বশেষ সরকারি আবহাওয়া সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দিয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমানো এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ ওডিশার জেলাগুলোর প্রশাসন প্রস্তুতি জোরদার করেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মালকানগিরি জেলা প্রশাসন ১৯ ও ২০ নভেম্বর সব স্কুল, কলেজ ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস