জীবাশ্ম জ্বালানি ও অভিযোজন তহবিল নিয়ে তীব্র বিরোধ

তুরস্কে জাতিসংঘের কপ৩১ জলবায়ু সম্মেলনে রাতভর আলোচনা চলার পরও নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে অচলাবস্থায় পড়েছে দেশগুলো। খসড়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানির চাহিদা কমানোর কোনো উল্লেখ না থাকায় শুক্রবার শেষ মুহূর্তে ফ্রান্স ও পানামার নেতৃত্বে একদল দেশ তীব্র আপত্তি তোলে। অন্যদিকে, জলবায়ু অভিযোজনে আরও অর্থের প্রতিশ্রুতির দাবিতে অনড় রয়েছে আফ্রিকা গ্রুপ।

শনিবার একটি নতুন ও সম্ভাব্য চূড়ান্ত চুক্তি প্রকাশের কথা থাকলেও দ্বীপরাষ্ট্র, পানামা এবং স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন ও ফিনল্যান্ডের মতো ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো তেল, গ্যাস ও কয়লা থেকে সরে আসার অঙ্গীকার পুনর্বহালের চাপ দিচ্ছে; সৌদি আরবের নেতৃত্বে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলো এটি বাদ দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।

COP 31 Fossil Fuel 1
‘আনতালিয়া অ্যাকর্ডস’ নামে পরিচিত এই চুক্তিতে প্রথমবারের মতো স্বীকার করা হয়েছে যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্য হাতছাড়া হয়েছে এবং বিশ্ব এখন ‘ওভারশুট’ পর্যায়ে প্রবেশ করছে, যার বাইরে গেলে লাখ লাখ মানুষ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও তীব্র তাপপ্রবাহের ঝুঁকিতে পড়বেন বলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন।

পানামার পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো ও ফ্রান্সের পরিবেশ রূপান্তর মন্ত্রী মনিক বারবুত জীবাশ্ম জ্বালানির উল্লেখ না থাকা ও কার্বন ক্যাপচার প্রযুক্তির ওপর জোর দেওয়ার সমালোচনা করেন; তবে আলোচনায় নেতৃত্ব দেওয়া অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের বাস্তবায়নে মনোযোগ দেওয়ার যুক্তি দিয়েছেন।

COP 31 Fossil Fuel
এদিকে, অভিযোজন তহবিল ২০৩৫ সালের মধ্যে ১২ হাজার কোটি ডলারে উন্নীত করার আগের প্রস্তাবটি বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আফ্রিকা গ্রুপের চেয়ার ও ঘানার পরিবেশমন্ত্রী জানেতর অ্যাজেম্যান রলিংস; তারা ভিক্ষা করতে নয়, উন্নত দেশগুলোর কর্মকাণ্ডের ক্ষতি পোষাতে ন্যায্য দাবি আদায়ে এসেছেন বলে জানান।

চলমান ইরান যুদ্ধের কারণে হরমুজে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানির প্রসার বাড়লেও, শেনজেনে ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে তেল উৎপাদন বাড়ানোর সমঝোতার খবর এসেছে। সম্মেলনকে সবচেয়ে বাজে কপ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন পরিবেশকর্মীরা; গুরুত্বপূর্ণ আলোচনা থেকে তুরস্কের প্রধান আলোচক বেরিয়ে যাওয়ায় অনেক দেশ নিজেদের অসম্মানিত বোধ করেছে বলেও জানিয়েছেন এক পর্যবেক্ষক।

তথ্যসূত্র: বিবিসি