স্লিভলেস পোশাকে গান, ইরানি গায়িকাকে বেত্রাঘাত

হিজাব ছাড়া স্লিভলেস পোশাক পরে অনলাইনে গান গাওয়ার চরম মূল্য দিতে হলো ইরানের জনপ্রিয় ২৯ বছর বয়সী গায়িকা পারাস্তু আহমাদি ও তার কনসার্ট দলের চার সদস্যকে। সোমবার ইরানের কোম শহরের ক্রিমিনাল সেন্টেন্স এনফোর্সমেন্ট অফিসের তৃতীয় শাখায় তাদের প্রত্যেককে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তাদের আইনজীবীরা।

সংস্কারপন্থী দৈনিক এতেমাদ আরেক আইনজীবী মোস্তফা নিলির বরাতে জানিয়েছে, সাজাপ্রাপ্ত চার পুরুষ সদস্য হলেন সোহেল ফাগিহ-নাসিরি, আমিন তাহেরি, আমিরালি পিরনিয়া এবং মোহসেন লশকরি।

Iranian Singer Parastoo Ahmadi
ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বরে, যখন হিজাব ছাড়াই স্লিভলেস পোশাকে পারাস্তু আহমাদির একটি কনসার্ট লাইভস্ট্রিম করা হয়। ইরানের কঠোর আইনে নারীদের জনসমক্ষে গান গাওয়া নিষিদ্ধ এবং চুল ঢেকে শালীন পোশাক পরা বাধ্যতামূলক। চলতি বছরের জুনে কোমের একটি ফৌজদারি আদালত ‘অশ্লীল বিষয়বস্তু প্রকাশের মাধ্যমে জনসাধারণের শালীনতা ক্ষুণ্ণ’ করার অভিযোগে আহমাদিসহ মোট নয়জনকে দোষী সাব্যস্ত করে, যদিও তারা শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

Iranian Singer Parastoo Ahmadi 2
বেত্রাঘাতের পাশাপাশি তাদের ওপর দুই বছরের জন্য যে কোনো অডিও-ভিজ্যুয়াল কাজ এবং ইরান ত্যাগের নিষেধাজ্ঞাও জারি করা হয়। সেপ্টেম্বরের শেষে আপিল আদালত সেই রায় বহাল রাখে; আইনজীবীরা সাজা বাতিল, কমানো বা স্থগিত করার আপ্রাণ চেষ্টা করলেও তা কাজে আসেনি, এমনকি সাজা কার্যকর পেছানোর অনুরোধও নাকচ করে দেয় কর্তৃপক্ষ।

Iranian Singer Parastoo Ahmadi 4
এই নৃশংস শাস্তির খবরে ইরানের ভেতরেও তীব্র সমালোচনার ঝড় উঠেছে। দেশটির শিল্পী ও মানবাধিকারকর্মীরা একে নিষ্ঠুর, অমানবিক ও আন্তর্জাতিক নির্যাতনবিরোধী আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরানের বাহার গান্দেহারি মন্তব্য করেছেন, বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে দাঁড়ানো নারীদের কণ্ঠরোধ করতে কতটা মরিয়া ইরান কর্তৃপক্ষ, এই বেত্রাঘাত তারই স্পষ্ট প্রমাণ।

Iranian Singer Parastoo Ahmadi 3
২০২২ সালে নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর থেকেই ইরানে পোশাকবিধি ঘিরে অস্থিরতা চলছে, যেখানে বহু নারী প্রকাশ্যে হিজাব বর্জন শুরু করেন। তবে আহমাদির এই সাজা আরও বড় এক দমনপীড়নের অংশ, বিবিসির তথ্যমতে, গত জানুয়ারির বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর হাতে হাজারো মানুষ নিহত ও কয়েক দশক হাজার গ্রেপ্তার হন।

Iranian Singer Parastoo Ahmadi 5
ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে অন্তত ৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এবং ছয় নারী ও পাঁচ কিশোরসহ ১২১ জন বন্দি মৃত্যুদণ্ডের প্রহর গুনছেন। পারাস্তু আহমাদি ও তার দলের বেত্রাঘাতের অধ্যায় শেষ হলেও আগামী দুই বছর গান ও দেশত্যাগের নিষেধাজ্ঞার শিকল এখনো তাদের পায়ে বাঁধা রয়ে গেছে।

তথ্যসূত্র: এনডিটিভি-আরব নিউজ