ইরান সমর্থিত সশস্ত্র সদস্যদের ৭২৬ অবস্থানে হামলা, হতাহত ১২১

ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় হুতিদের অবস্থান লক্ষ্য করে ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। এসব হামলায় হুতিদের ১২১ যোদ্ধা ও কমান্ডার নিহত অথবা আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ইয়েমেনের ভোর’ নামের সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়। এর মধ্যে ২৩টি বিমান হামলা, ৬৪২টি কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা রয়েছে।

এসব হামলায় হুতিদের ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।

তাইজ, মারিব, আল-জাওফ, লাহিজ, আল-দালি ও শাবওয়াসহ ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে লড়াইয়ের খবর পাওয়া গেছে। সরকারি বাহিনী হুতিদের হামলা প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান ও রসদ সরবরাহে নিয়োজিত বাহিনীকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।

ইয়েমেনে সংঘাতের তীব্রতা বাড়ার মধ্যে এ অভিযান চালানো হলো। হুতিদের বিরুদ্ধে সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক তৎপরতা বাড়িয়েছে। অন্যদিকে হুতিরা সৌদি আরবকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) হুতিসংশ্লিষ্ট সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু।

তবে ইয়েমেনের সরকারি বাহিনীর দেওয়া হতাহতদের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আল-জাজিরা