উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার পাশাপাশি, সে দেশের সবচাইতে সুন্দরী নারীকে নিজের স্ত্রী হিসেবে পাওয়ার আবদার করেছেন উগান্ডার এই জেনারেল। শুধু আবদার করেই ক্ষান্ত হননি, ৩০ দিনের আল্টিমেটাম দিয়ে হুমকি দিয়েছেন, তুরস্ক এই দাবি না মানলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবেন তিনি।
উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে এবং দেশটির সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা আবারও খবরের শিরোনামে। এবার তাঁর নিশানায় তুরস্ক। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একের পর এক পোস্টে তিনি তুরস্কের বিরুদ্ধে এক হাত নিয়েছেন। তাঁর দাবি, সোমালিয়ায় গত দুই দশক ধরে উগান্ডার সেনারা জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে লড়াই করে নিরাপত্তা নিশ্চিত করছে, অথচ সেই সুযোগে তুরস্ক সেখানে পরিকাঠামো নির্মাণ, বিমানবন্দর ও বন্দর চালিয়ে বিপুল মুনাফা লুটছে।
জেনারেল মুহুজির দাবি, সোমালিয়ায় উগান্ডার এই ত্যাগের বিনিময়ে তুরস্ককে এক বিলিয়ন ডলার ‘নিরাপত্তা লভ্যাংশ’ দিতে হবে। তবে, আসল টুইস্ট ছিল তাঁর পরের পোস্টে। তিনি লিখেছেন, এক বিলিয়ন ডলারের পাশাপাশি তুরস্কের সবচাইতে সুন্দরী নারীকেও আমার স্ত্রী হিসেবে দিতে হবে!
বিস্ময়কর ব্যাপার হলো, এই অদ্ভুত দাবি না মানলে তিনি কাম্পালায় অবস্থিত তুর্কি দূতাবাস বন্ধ করে দেওয়া এবং উগান্ডার আকাশসীমায় টার্কিশ এয়ারলাইন্সের উড্ডয়ন নিষিদ্ধ করার হুমকি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তুরস্কের জন্য এটি একটি সহজ ডিল, হয় টাকা ও সুন্দরী নারী দাও, নয়তো সম্পর্ক শেষ। এমনকি তিনি উগান্ডার নাগরিকদের নিরাপত্তার স্বার্থে তুরস্কে ভ্রমণ এড়িয়ে চলারও পরামর্শ দিয়েছেন।
নারীদের নিয়ে এমন কুরুচিপূর্ণ ও বিতর্কিত মন্তব্য মুহুজির জন্য নতুন কিছু নয়। ২০২২ সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন। সেই সময় তিনি মেলোনির বিনিময়ে ইতালিকে ১০০টি বিশেষ জাতের ‘আঙ্কোল’ গরু দেওয়ার প্রস্তাব দেন। তিনি হুমকি দিয়েছিলেন, রোমানরা যদি তাঁর গরু গ্রহণ না করে, তবে তিনি কয়েক দিনের মধ্যে রোম দখল করে নেবেন। সেই ঘটনার পর তাঁর বাবা প্রেসিডেন্ট মুসেভেনিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হয়েছিল।
মুহুজির খামখেয়ালিপনার তালিকা বেশ দীর্ঘ। এর আগে তিনি প্রতিবেশী দেশ কেনিয়া দখল করার হুমকি দিয়ে বলেছিলেন, তাঁর এবং তাঁর সেনাবাহিনীর নাইরোবি দখল করতে মাত্র দুই সপ্তাহ সময় লাগবে। সেই ঘটনায় তাঁকে সাময়িকভাবে বরখাস্তও করা হয়েছিল। তবে এবার তুরস্কের পাশাপাশি তিনি ইসরাইলকে খুশি করার চেষ্টাও করেছেন। তিনি জানিয়েছেন, যিশু খ্রিস্টের পবিত্র ভূমি রক্ষার জন্য তিনি এক লক্ষ উগান্ডান সেনা ইসরাইলে মোতায়েন করতে প্রস্তুত।
এখন পর্যন্ত তুরস্ক বা সোমালিয়া এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। উগান্ডা সরকারও স্পষ্ট করেনি যে, এটি তাদের রাষ্ট্রীয় অবস্থান নাকি জেনারেল মুহুজির ব্যক্তিগত কোনো পাগলামি। তবে বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে উগান্ডার ক্ষমতার মসনদে বসার স্বপ্ন দেখা এই জেনারেলের এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক কূটনীতিতে উগান্ডার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করছে।
উগান্ডার সেনাপ্রধানের এই দাবি যতটা না রাজনৈতিক, তার চেয়ে বেশি কৌতুকপূর্ণ ও বিতর্কিত। বিলিয়ন ডলার আর সুন্দরী স্ত্রীর এই ‘প্যাকেজ ডিল’ আন্তর্জাতিক মহলে হাস্যরসের খোরাক জোগালেও, এর নেপথ্যে থাকা কূটনৈতিক হুমকির বিষয়টি উড়িয়ে দেওয়ার মতো নয়। এখন দেখার বিষয়, ৩০ দিন পর আঙ্কারা তাঁর এই আবদার মেটায় নাকি উগান্ডার এই ‘বিগ বস’ সত্যিই তুরস্কের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেন।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে