মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রথমবার মুখোমুখি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে পরস্পরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭ টা) এ নির্বাচনী বিতর্কে মুখোমুখি হন তারা।
ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে ৯০ মিনিটের এ বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ। বিতর্কের সঞ্চালক ডেভিড মুইর ও লিনসে ডেভিস। খবর বিবিসি’র।
বিতর্কে উঠে এসেছে অর্থনীতি, গর্ভপাত ও প্রজনন, ইউক্রেন, গাজা যুদ্ধসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয়। সব বিষয়ে কমলা ও ট্রাম্প পরস্পরকে আক্রমণ করেন। এমনকি তারা পরস্পরের বিরুদ্ধে মিথ্যাচারেরও অভিযোগ তোলেন, একজন আরেকজনকে মিথ্যাবাদী বলেন।
বিতর্কের শুরুটা অবশ্য সৌহার্দ্যপূর্ণই ছিলো। বিতর্ক মঞ্চে প্রবেশ করেই ট্রাম্পের দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন কমলা। দুজন করমর্দন করেন। এরপর শুরু হয় বিতর্ক।
এবিসি নিউজ ছাড়াও বিবিসি, সিএনএন, চ্যানেল ফোরসহ বিভিন্ন সম্প্রচারমাধ্যম বিতর্কটি সরাসরি সম্প্রচার করেছে। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই প্রার্থীর বিতর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
বিতর্কের আগে একাধিক জরিপে দেখা গেছে, জনপ্রিয়তায় কমলা ও ট্রাম্প সমানে সমান। শেষ পর্যন্ত দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো নির্বাচনের ফলাফল ঠিক করবে। এ বিতর্কের সাফল্যের ওপর নির্ভর করবে কোন প্রার্থী এসব অঙ্গরাজ্যের ভোট বেশি টানতে পারছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এই প্রথম কমলা ও ট্রাম্প মুখোমুখি বিতর্কে অংশ নিলেন। ট্রাম্প অবশ্য আগে একবার জো বাইডেনের সঙ্গে বিতর্কে অংশ নিয়েছিলেন। ৮১ বছর বয়সী বাইডেন গত ২৭ জুন রাতে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় সিএনএনের স্টুডিওতে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে অংশ নেন।
বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী হন বাইডেন। তার সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর জন্য তার ওপর চাপ বাড়ে। চাপের মুখে তিনি গত ২১ জুলাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে দলের নতুন প্রার্থী হিসেবে তাঁর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানান তিনি।
গত ১৮ জুলাই মিলওয়াউকিতে রিপাবলিকান পার্টির সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেন ট্রাম্প। আর গত ২২ আগস্ট যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্র্যাটদের চার দিনের জাতীয় সম্মেলনের শেষ দিনে কমলা আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেন।