মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে প্রথমবারের মতো মুখোমুখি হয়ে তীব্র আক্রমণ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।
এদিকে ট্রাম্প আবারও ইসরাইল কার্ড খেলেছেন। তার দাবি, কমলা ইসরাইলকে ঘৃণা করেন। আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক- সেটাও চান সাবেক প্রেসিডেন্ট।
বিতর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জড়িয়ে নানাভাবে ট্রাম্পকে আক্রমণ করেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা। তিনি অভিযোগ করেছেন, পুতিনের মতো একজন লৌহমানবকে আঁকড়ে ধরে আছেন ডোনাল্ড ট্রাম্প।
'পুতিনের চাপের সামনে ট্রাম্প গলে যাবেন,' বলেছেন কমলা। এ সময় তিনি ইউরোপে পুতিনের আধিপত্যের কথাও উল্লেখ করেন তিনি।
কমলা হ্যারিস বলেন, পুতিন কিয়েভে বসে বাকি ইউরোপের ওপর নজর রাখতেন। আর এটি শুরু হতো পোল্যান্ডকে দিয়ে।
আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে এবিসি নিউজের আয়োজনে মূল দুই প্রতিদ্বন্দ্বী কমলা ও ট্রাম্পের সরাসরি এ বিতর্ক অনুষ্ঠান হলো।
এর আগে সিএনএনের বিতর্ক অনুষ্ঠানে ট্রাম্পের কাছে নাকানিচোবানি খেয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে অবশ্য প্রার্থীতা প্রত্যাহার করে তিনি সরে দাঁড়ানোর পর তার জায়গায় লড়ছেন কমলা।
রিপাবলিকান ট্রাম্পকে উদ্দেশ করে ডেমোক্র্যাট প্রার্থী বলেন, আপনি দ্রুত ভাগ্যের ওপর নির্ভর করা বন্ধ করবেন। আর এমন একজনকে বন্ধু ভাবা বন্ধ করবেন, যে কিনা একজন স্বৈরাচার। সে আপনাকে লাঞ্চ হিসেবে খেয়ে ফেলবেন।
এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে এক প্রশ্নের জবাবে বিতর্ক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমি চাই এই যুদ্ধ বন্ধ হোক। আমি ভলোদিমির জেলেনস্কি ও ভ্লাদিমির পুতিনকে খুব ভালো করে চিনি।
ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশাল ব্যয় নিয়েও প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের তুলনায় ইউরোপ অনেক কম অর্থ প্রদান করছে।
এবার ভোটের প্রচারের শুরুতেই কমলা হ্যারিসের বিরুদ্ধে ইসরাইল বিশেষ করে ইহুদি কার্ড ব্যবহার করছেন সাবেক প্রেসিডেন্ট। এদিন বিতর্ক অনুষ্ঠানেও থেমে থাকেননি।
ট্রাম্প বলেন, কমলা হ্যারিস ইসরায়েলকে ঘৃণা করেন। পাশাপাশি তিনি আরব জনগণকেও ঘৃণা করেন। যদি তিনি (কমলা) প্রেসিডেন্ট নির্বাচিত হন, আমার বিশ্বাস, এখন থেকে দুই বছরের মধ্যে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না।
পাশাপাশি তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকলে গাজায় কোনো যুদ্ধই হতো না বলেও দাবি করেছেন। এসবের জবাবে কমলা হ্যারিস বলেছেন, ট্রাম্প বিভাজন সৃষ্টি করছেন। আর গাজা যুদ্ধ বন্ধ করতে হবে।