মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নিজের দল রিপাবলিকান পার্টি কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পর্যদুস্ত হলেও ইরান যুদ্ধ নিয়ে নিজের নেয়া সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনে পার্টির এই চরম পরাজয়ের নেপথ্যে ইরান যুদ্ধের প্রভাব থাকলেও, এই সিদ্ধান্ত নিয়ে তাঁর বিন্দুমাত্র অনুশোচনা নেই এবং সংঘাত এখনও জারি রাখাটা যৌক্তিক। প্রয়োজনে আবারও ইরানে হামলা করবো।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের বিষয়টি আমাদের করতেই হতো, এবং আমরা তা অব্যাহত রেখেছি। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিশাল জয়ের পেছনে যে ইরান যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেলের চড়া দাম ও আকাশচুম্বী মূল্যস্ফীতি অন্যতম বড় অনুঘটক হিসেবে কাজ করেছে, তা অস্বীকার করা যায় না। তবে ট্রাম্পের দাবি, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে থামানোর জন্য এই যুদ্ধ চালানো সম্পূর্ণভাবে যথার্থ ও মূল্যবান ছিল।
এমনকি বুধবার সকালে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে স্বীকার করেছিলেন যে, আমরা যে হেরেছি তার প্রধান কারণই হলো এই যুদ্ধ। ভাইস প্রেসিডেন্টের সেই পোস্ট নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, ভ্যান্সের সেই মন্তব্যে তাঁর কোনো আপত্তি নেই। ট্রাম্প সোজা জানিয়ে দেন, আমি আপনাদের শুধু এতটুকুই বলতে পারি, ওই যুদ্ধের ব্যাপারে আমি যা করেছি, তার থেকে তিল পরিমাণও আলাদা কিছু করতাম না।
নির্বাচনী বিপর্যয় নিয়ে নিজের জনপ্রিয়তার অজুহাত টেনে ট্রাম্প আরও দাবি করেন, এই নির্বাচনে ব্যালট পেপারে যদি তাঁর নিজের নাম থাকত, তবে রিপাবলিকানরা জয়ী হতো। ট্রাম্পের ভাষায়, আমি বিশ্বাস করি আমি যদি ভোটে থাকতাম, তবে আমরাই জিততাম। কিন্তু ভোটের প্রচারে মানুষের যে ভালোবাসা ছিল, তা তো আর অন্য প্রার্থীদের প্রতি হুট করে হস্তান্তর করা যায় না। ভালোবাসাটা দারুণ ছিল, কিন্তু আমরা তা প্রার্থীদের ঝুলিতে রূপান্তর করতে ব্যর্থ হয়েছি।
তথ্যসূত্র: রয়টার্স