ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান তীব্র উত্তেজনা ও সামরিক সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে দাবি করে তিনি বলেছেন, সংঘাত শুরুর আগের তুলনায় যুক্তরাষ্ট্র এখন আরও বেশি তেল উত্তোলন করছে।
নিজের এ বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, আমরা ইরানের বিষয়ে ব্যাপক অগ্রগতি করেছি। যুদ্ধ শুরুর আগে যে পরিমাণ তেল তুলতাম, এখন তার চেয়েও বেশি তুলছি। আসলে এটা কোনো যুদ্ধই নয়। যখন টানা পাঁচ মাস ধরে কেউ মারা যায়নি, আহত হয়নি বা তেমন কিছুই ঘটেনি, তখন এটাকে যুদ্ধ বলা চলে না।
তবে ট্রাম্পের এই দাবি এমন এক সময়ে এলো, যখন ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের ভবিষ্যৎ গতিপথ নিয়ে ধোঁয়াশা কাটেনি এবং হোয়াইট হাউসে নতুন করে বিমান হামলার পরিকল্পনা ও সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে।
প্রশাসন যখন সরাসরি সামরিক অপশনগুলো খতিয়ে দেখছে, ঠিক সেই মুহূর্তে ট্রাম্পের সংঘাত অস্বীকার করার বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, তেহরানের সঙ্গে মধ্যপ্রাচ্যে সৃষ্ট এই উত্তেজনা ও টানাপোড়েন ওই অঞ্চলের মূল বৈশ্বিক দুশ্চিন্তার বিষয় হয়েই রয়ে গেছে।
তথ্যসূত্র: গালফ নিউজ