ব্রুকলিনে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে গর্ভবতী নারী উদ্ধার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি তিনতলা আবাসিক ভবন ধসে পড়ার মর্মান্তিক ঘটনায় অন্তত আটজনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় বুধবার বিকেল চারটার দিকে ব্রুকলিনের বেডফোর্ড এভিনিউতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় তিন ফায়ারফাইটারসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। তবে ধ্বংসস্তূপের ভেতর থেকে অলৌকিকভাবে এক গর্ভবতী নারীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

New York Building
১৯৩০ সালে নির্মিত তিনতলা বিশিষ্ট ভবনটি পাশের একটি নির্মাণাধীন খননকাজে সম্পূর্ণ ধসে পড়ে। এই আকস্মিক ধসে ভবনটির পাশের দেয়াল ভেঙে যাওয়ায় সংলগ্ন অ্যাপার্টমেন্টগুলোর ভেতরের অংশ উন্মুক্ত হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে নিউইয়র্ক সিটির প্রায় ২৫০ জন অগ্নিনির্বাপক কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক্সে দেওয়া পোস্টে গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় আটজন নিউইয়র্কবাসীর প্রাণহানি ঘটেছে এবং তিন ফায়ার ফাইটারসহ অন্তত ১৭ জন আহত হয়েছে। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

New York Building 2
এবিসি সেভেন নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় মাসের এক গর্ভবতী নারীকে জীবিত উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়। স্ত্রীর বেঁচে থাকার খবর পাওয়ার পর তাঁর স্বামী আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন এবং স্বস্তির নিশ্বাস ফেলে জানান যে তাঁর স্ত্রী বেঁচে আছেন।

দুর্ঘটনার মূল কারণ এখনো তদন্তাধীন রয়েছে। তবে সিটির কমিশনার আহমেদ তিগানি জানিয়েছেন, পাশের খালি জমিতে নতুন একটি ভবনের জন্য খননকাজ চলার সময়ই এই ধসের ঘটনা ঘটে। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তথ্যসূত্র: এনডিটিভি