ইরান ইস্যুতে ট্রাম্পের সুরে সুর মেলালেন না ভ্যান্স

ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে তিনি দেশটিতে হামলার অনুমোদন দিতেন কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। রয়টার্স ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ভ্যান্স কৌশলে বিষয়টি এড়িয়ে যান।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প চেয়েছিলেন ভ্যান্স যেন স্বীকার করেন যে ইরানে ওই হামলাগুলো প্রয়োজনীয় ছিলো এবং তিনি নিজেও আবার এমন পদক্ষেপ নিতেন। তবে ভ্যান্স বলেন, গত ফেব্রুয়ারিতে ইরানে হামলার সিদ্ধান্তটি ছিলো প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব সিদ্ধান্ত, ‘আর আমার কাজ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন দেওয়া।’

বিশ্লেষকদের মতে, ইরান সংঘাত এখন ভাইস প্রেসিডেন্ট ও তার দল রিপাবলিকান পার্টির জন্য অভ্যন্তরীণ রাজনীতিতে বড়ো চ্যালেঞ্জ তৈরি করেছে। ভ্যান্সের এই উত্তর সেই সূক্ষ্ম ভারসাম্য রক্ষার চেষ্টাকেই তুলে ধরে।

মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সরাসরি পর্যালোচনায় ভ্যান্স রিপাবলিকানদের বড়ো পরাজয়ের জন্য এই যুদ্ধকেই দায়ি করেন এবং যুক্তরাষ্ট্রকে এই সংঘাত থেকে বেরিয়ে আসার আহবান জানান। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত ভ্যান্সের এই বক্তব্যকে অনেকে ট্রাম্পের অবস্থানের সঙ্গে দূরত্ব তৈরির ইঙ্গিত হিসেবে দেখছেন।

ভ্যান্স লিখেছিলেন, ‘আমরা হেরেছি কারণ এই যুদ্ধ ছিলো। খোদ প্রেসিডেন্ট নিজেই গতকাল রাতে এমনটা বলেছেন। যদি কেউ মনে করেন যে এটি সার্থক ছিলো—অর্থাৎ আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোটা কোনো বড়ো ক্ষতি নয়—তবে তিনি তা যুক্তি দিয়ে প্রমাণ করুন। বলুন যে, এটি ছিলো এমন এক মূল্য যা দেওয়া সার্থক ছিলো।’

এর আগে শুক্রবার ট্রাম্প বলেন, ভ্যান্সের এই অবস্থানে তিনি অসন্তুষ্ট নন, তবে এতে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অভাব ছিলো—হামলাগুলো যে প্রয়োজনীয় ছিলো এবং ভ্যান্স নিজেও একই সিদ্ধান্ত নিতেন, সেই স্বীকারোক্তি সেখানে ছিলো না। ট্রাম্প বলেন, ‘যারা আমার অধীনে কাজ করেন, তাদের নিজস্ব মতামত থাকার অধিকার আছে। তবে আমি বলবো, আমি ইরানিদের চিনি—সত্যি বলতে, তারা পাগল।

সংবাদিক সম্মেলনে কংগ্রেসের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় এই যুদ্ধের কারণে সার্থক ছিলো কি না, এমন প্রশ্নেও ভ্যান্স সরাসরি সামরিক অভিযানের পক্ষে সমর্থন জানাননি। তিনি বলেন, ‘আমি যা বলেছি তা হলো—ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের অবশ্যই তা করতে হবে। এটি সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় মদদদানকারী দেশগুলোর মধ্যে সবচেয়ে বড়ো। তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তারা সেটিকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতো; অথবা তারা হয়তো আক্রমণ চালিয়ে হাজার হাজার, এমনকি লাখ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করতো।’

ভ্যান্স আরও বলেন, আমার মতে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল রাষ্ট্রপতিরই থাকে, আর রাষ্ট্রপতি নিজেই বলেছেন যে তিনি প্রয়োজনে আবারও একই পদক্ষেপ নেবেন। আমার লক্ষ্য ও দায়িত্ব হলো যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে সমর্থন জোগানো।

ভ্যান্স দীর্ঘদিন ধরেই এই যুদ্ধের বিরোধিতা করে আসছেন এবং শান্তি আলোচনার জন্য ওয়াশিংটনের প্রধান প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। গত গ্রীষ্মে তার মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি স্বাক্ষরিত হলেও তা অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়ে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি তেহরানের কট্টরপন্থীদের কাছে ব্যক্তিগত বার্তা পাঠিয়ে আলোচনা পুনরায় শুরুর উদ্যোগ নিয়েছিলেন। তবে নির্বাচনী ফলাফল নিয়ে ভ্যান্সের মূল্যায়ন প্রকাশের পরপরই ট্রাম্প ওই আলোচনা প্রক্রিয়া বন্ধ করে দেন এবং ভ্যান্সকে অভ্যন্তরীণ নীতিতে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই শেষ হয়ে গেছে।’

এদিকে গত বৃহস্পতিবার এশিয়ায় চার দিনের কূটনৈতিক সফর শেষে দেশে ফিরেছেন ট্রাম্প। এপেকের ফাঁকে চীনের শেনঝেনে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন। চীনে পৌঁছে সি চিন পিংকে আলিঙ্গন এবং পুতিনকে ‘আমার বন্ধু’ বলে সম্বোধন করায় ট্রাম্প সমালোচনার মুখে পড়লেও হোয়াইট হাউসের কর্মকর্তারা একে পরিপক্ব রাষ্ট্রনায়কোচিত পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

ওয়াশিংটনে অবস্থানরত ভ্যান্স এই সফরের জোরালো সমর্থন জানিয়ে সাংবাদিক সম্মেলনে রসিকতা করে বলেন, ট্রাম্পের এই সফরের সময় তার দেশে থেকে যাওয়ার অভিজ্ঞতাটি ১৯৯০ সালের কমেডি চলচ্চিত্র ‘হোম অ্যালোন’-এর মতো। এর আগে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘কূটনীতিকে যখন সত্যিকার সুযোগ দেওয়া হয়, তখন কী অসাধারণ সব সম্ভাবনা তৈরি হতে পারে—তা সত্যিই বিস্ময়কর।’