ইরানে হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে সাম্প্রতিক দরপতন এবং মধ্যপ্রাচ্যে ইরানের হামলা বেড়ে যাওয়ার পেছনে নিজ দেশের বিরোধী দল ডেমোক্র্যাটদের দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের সঙ্গে এই দুটি পরিস্থিতিকে সরাসরি যুক্ত করে তিনি দাবি করেছেন, তাঁর পূর্ববর্তী ভবিষ্যদ্বাণীই এখন সত্য প্রমাণিত হচ্ছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন ঘিরে তিনি দুটি বিষয়ের পূর্বাভাস দিয়েছিলেন। প্রথমত, ডেমোক্র্যাটরা জয়ী হলে শেয়ারবাজারে বড় ধরনের পতন ঘটবে, যা ইতিমধ্যে ঘটেছে; এবং দ্বিতীয়ত, ইরান তাদের হামলায় আরও আগ্রাসী হয়ে উঠবে, সেটিও বাস্তবে রূপ নিয়েছে।

ট্রাম্পের দাবি, গত এক সপ্তাহে ইরান এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এসব হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

ডেমোক্র্যাট নেতাদের কঠোর সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, ইরানের শীর্ষ নেতারা ডেমোক্র্যাটদের ‘দুর্বল, অকার্যকর এবং দেশ ধ্বংসকারী’ হিসেবে দেখেন। তবে যুক্তরাষ্ট্র বা এর স্বার্থের ক্ষেত্রে এমন কোনো কিছু ঘটতে দেবেন না বলেও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প।

তথ্যসূত্র: ফক্স নিউজ