বিদেশি ও অভ্যন্তরীণ প্রাণনাশের হুমকি এবং ক্রমবর্ধমান নিরাপত্তা শঙ্কার মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা একে একে সুরক্ষিত সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ট্রাম্প প্রশাসনের প্রায় আধডজন শীর্ষ কর্মকর্তা ওয়াশিংটন ডিসির বিভিন্ন সামরিক আবাসনে বসবাস করছেন—যা দেশটির ইতিহাসে নজিরবিহীন।
সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে ওয়াশিংটনের সবচেয়ে কাঙ্ক্ষিত আবাসন হয়ে উঠেছে শতাব্দীপ্রাচীন, বেড়াঘেরা ও কঠোর প্রবেশ-নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটির বাড়িগুলো। সর্বশেষ নিরাপত্তা উদ্বেগের কারণে অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চকেও একটি সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে বলে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তার পূর্বসূরি পাম বন্ডিও গত বছর সামরিক ঘাঁটিতে বসবাস করেছিলেন।
চলতি মাসের শুরুর দিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সিএনবিসির ‘স্কোয়াকবক্স’ অনুষ্ঠানে জানিয়েছিলেন, ইরানি হুমকির কারণেই তাকে বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে সরে যেতে হয়েছে। ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ ও অর্থনৈতিক চাপ তৈরির অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বেসেন্ট। ইরানি নেতৃত্বের প্রতি কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তিনি ভয় পাবেন না; ইরান তার এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দিয়েছে।
শুধু বিদেশি হুমকিই নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতার আশঙ্কাও প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকে সুরক্ষিত সামরিক বলয়ে যেতে বাধ্য করেছে। রক্ষণশীল অ্যাকটিভিস্ট চার্লি কার্ক হত্যাকাণ্ড এবং কর্মকর্তাদের বিরুদ্ধে অন্যান্য বিশ্বাসযোগ্য হুমকি বেড়ে যাওয়ায় উদ্বেগ তীব্র হয়েছে। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও তার স্ত্রী কেটি চার সন্তানকে নিয়ে গত বছর ভার্জিনিয়ার বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠে যান। তাঁদের বাড়ির সামনে এক নারীর বিক্ষোভ এবং বাসার ঠিকানা লেখা প্রচারপত্র বিতরণের ঘটনার পর এই পদক্ষেপ নেওয়া হয়। হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে জানান, মিলার দম্পতির বাসভবনকে লক্ষ্য করে সুপরিকল্পিত অনুসরণ (স্টকিং), ব্যক্তিগত তথ্য ফাঁস (ডক্সিং) ও হুমকির প্রচারণা চলার কারণেই তারা সরে যেতে বাধ্য হন।
স্টিফেন মিলার পরিবার যে ফোর্ট ম্যাকনেয়ার সামরিক ঘাঁটিতে থাকছেন, সেখানেই বসবাস করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও সামরিক আবাসনে বসবাস করছেন; গত বছর তার বাসভবনের মেরামত ও মানোন্নয়নে সেনাবাহিনীর এক লাখ ৩৭ হাজার ২৯৭ ডলার ব্যয়ের প্রস্তুতির খবর প্রকাশ পেলে আইনপ্রণেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
সিএনএন জানিয়েছে, সামরিক ঘাঁটির এসব বাসভবনে থাকার জন্য কর্মকর্তাদের নিজেদের ভাড়া পরিশোধ করতে হয়। বাসভবনের ধরন অনুযায়ী এই ভাড়া সাধারণত মাসে সাড়ে চার হাজার ডলারের বেশি হয়ে থাকে। প্রচলিত নজির এবং ফেডারেল আইনের আওতায় ঘাঁটির বাইরে সমমানের বাসাবাড়ির ন্যায্য বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসামরিক কর্মকর্তাদের এই ভাড়া নির্ধারণ করা হয়। এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা ওয়াশিংটন ডিসিতে অপরাধ কমার দাবি করলেও বলেন যে মন্ত্রিসভার এই সদস্যদের অনেকেই সাধারণ শহরে বসবাস করতে পারছেন না।
তথ্যসূত্র: সিএনএন