আমেরিকায় গিয়ে ক্যারিয়ার গড়া আর গ্রিন কার্ডের স্বপ্নে বুক বাঁধা হাজার হাজার ভারতীয় প্রযুক্তি পেশাজীবীর সামনে এবার দাঁড়িয়ে গেছে কঠিন এক অগ্নিপরীক্ষা। বিশ্বজুড়ে দেড় লাখেরও বেশি কর্মী নিয়ে কাজ করা আইবিএমের সবচেয়ে বড় শাখা ‘আইবিএম কনসাল্টিং’-এর অধিকাংশ পদের ক্ষেত্রে মার্কিন ওয়ার্ক ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্টটি।
এই সিদ্ধান্তের ফলে প্রভাবিত কর্মীদের সামনে রাখা হয়েছে এক কড়া আলটিমেটাম, ৩১ ডিসেম্বরের মধ্যে হয় যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশে বদলি হয়ে কাজ চালিয়ে যেতে হবে, নয়তো চাকরি ছেড়ে দিতে হবে। যারা বিদেশে যাওয়ার প্রস্তাব নেবেন না, তাদের তিন মাসের সেভারেন্স প্যাকেজ দেওয়া হবে এবং বছরের শেষ দিনটিই হবে তাঁদের শেষ কর্মদিবস, আর স্থানান্তরে রাজি কি না, তা ভাবার জন্য কর্মীরা পেয়েছেন মাত্র তিন সপ্তাহের সময়।
কিন্তু হঠাৎ কেন এমন বড়সড় মোড় নিলো প্রযুক্তি জায়ান্ট- আইবিএম? সংস্থার এক মুখপাত্রের মতে, দক্ষ কর্মীর সহজলভ্যতা এবং গ্রাহকদের বদলে যাওয়া চাহিদার সঙ্গে তাল মেলাতেই এই সিদ্ধান্ত; আগে দক্ষ কর্মীর ঘাটতি মেটাতে মার্কিন উচ্চ-দক্ষতা ভিসা কর্মসূচিতে অংশ নিলেও বেশ কয়েক বছর ধরেই সেই প্রবণতা কমছিল। তবে সব শাখায় নয়, আপাতত মূলত কনসাল্টিং বিভাগের অধিকাংশ ক্ষেত্রেই এই নীতি কার্যকর হচ্ছে। এর পেছনে ব্যবসায়িক বাস্তবতাও কম নয়- রেড হ্যাট, হ্যাশিকর্প ও কনফ্লুয়েন্ট অধিগ্রহণের মাধ্যমে নিজেদের সফটওয়্যার-কেন্দ্রিক সংস্থা হিসেবে ঢেলে সাজানোর মাঝে ২০২৪ সাল থেকেই কনসাল্টিং শাখার প্রবৃদ্ধি অনেকটাই স্থবির হয়ে পড়েছে।
চাকরি ধরে রাখতে চাইলে অন্য দেশে যাওয়ার সুযোগ থাকলেও সেখানেও লুকিয়ে আছে বাস্তবতার নানা হিসাব। ‘রেস্ট অফ ওয়ার্ল্ড’-এর প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ নভেম্বর আইবিএমের ক্যারিয়ার পোর্টালে যুক্তরাষ্ট্রের বাইরে কনসাল্টিং বিভাগে ১ হাজার ২৭৮টি শূন্যপদ ছিল, যার মধ্যে ১ হাজার ১২৫টিই ভারতে, পাশাপাশি সিঙ্গাপুরে ২৩টি, যুক্তরাজ্যে ১৮টি এবং যুক্তরাষ্ট্রে ৮৯টি শূন্যপদ ছিল।
ফলে ভারতই হতে পারে ফিরতি যাত্রার বড় গন্তব্য। কিন্তু বছরের পর বছর আমেরিকায় সংসার ও জীবন গুছিয়ে নেওয়া কর্মীদের জন্য ভারতে ফিরে যাওয়া মানেই বেতন কাঠামো, জীবনযাত্রা ও পারিবারিক পরিকল্পনার বড় রদবদল, এমনকি ভারতে স্থানান্তরিত হলে বেতন প্রায় ৮০ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার মতো শঙ্কার কথাও আলোচনায় উঠে এসেছে।
এই ধাক্কা আরও তীব্র হয়েছে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি অভিবাসন নীতির প্রেক্ষাপটে। ট্রাম্প প্রশাসন কর্মসংস্থানভিত্তিক ভিসা কর্মসূচিতে নজরদারি বাড়িয়েছে; নতুন এইচ-১বি আবেদনে ১ লাখ ডলার ফি আর উচ্চ বেতনের পদকে অগ্রাধিকার দেওয়ার মতো প্রস্তাবের পাশাপাশি ভিসার অপব্যবহারের অভিযোগেও কড়া অবস্থান নিয়েছে প্রশাসন।
গত মাসেই মাইক্রোসফট, অ্যাডোবি এবং কগনিজেন্ট, ইনফোসিস ও টাটা কনসালটেন্সি সার্ভিসেসের মতো আউটসোর্সিং সংস্থার পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন (পার্ম) কর্মসূচিতে অংশগ্রহণে সীমাবদ্ধতা এসেছে, যা গ্রিন কার্ডের পথকে আরও দুর্গম করেছে।
ইনক্রুইটারের প্রতিষ্ঠাতা ও সিইও অনিল আগরওয়ালের মতে, এটি পুরো প্রযুক্তি খাতের বদলে যাওয়া বাস্তবতারই প্রতিচ্ছবি, তাই কেবল ভিসার ওপর নির্ভর না করে এআই ও অটোমেশনের যুগে বিশ্লেষণী দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা ও ব্যবসায়িক প্রভাব তৈরির মতো মানানসই দক্ষতা বাড়ানোই এখন পেশাজীবীদের সবচেয়ে বড় পুঁজি।
তথ্যসূত্র: সিএনএন