চীনে বিয়ে ও গর্ভধারণ উৎসাহিত করতে পুরস্কার

চীনা তরুণ-তরুণীদের মধ্যে বিয়ের প্রতি অনাগ্রহ বাড়ছে উদ্বেগজনক হারে। আর তাদের এ অনাগ্রহের প্রভাবে দেশটির জনসংখ্যাও কমছে আশঙ্কাজনক হারে। ফলে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ তরুণ-তরুণীদের বিয়ের প্রতি আগ্রহী করে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

এবার চীনের পূর্বাঞ্চলের চ্যাংসান কাউন্টি তরুণ বয়সেই বিয়েতে আগ্রহী করতে রীতিমতো পুরষ্কার ঘোষণা করেছে। তাদের ঘোষণায় বলা হয়েছে, যদি কোনো তরুণ-তরুণী বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং নববধূর বয়স যদি ২৫ বছর বা তার কম হয়, তাহলে নতুন দম্পতিকে নগদ এক হাজার ইউয়ান পুরস্কার দেওয়া হবে। খবর রয়টার্স’র।

চ্যাংসান কাউন্টির অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে এ-সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘উপযুক্ত বয়সে বিয়ে’ এবং ‘গর্ভধারণের’ জন্য এই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যেসব দম্পতির সন্তান রয়েছে, তাদের জন্য বিভিন্ন ধরনের বিশেষ সুযোগ-সুবিধাও রেখেছে তারা।

২০২২ সালে গত ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো চীনের জনসংখ্যা কমে যেতে দেখা যাচ্ছে। জন্মহার খুবই কম হওয়ায় দেশটিতে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে গেছে আর বেড়ে গেছে বয়স্কদের সংখ্যা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে চীনের সরকার। এরপর জন্মহার বাড়াতে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার ঘোষণা দেয়।