দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছেই ইনচিওন শহরের এক জনাকীর্ণ শপিংমলে এক ব্যক্তির নৃশংস ও এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত আটজন কেনাকাটা করতে আসা ক্রেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে ঘটা এই রক্তক্ষয়ী ঘটনার পর ইনচিওন নামদং জেলা পুলিশ স্টেশন থেকে ৫৯ বছর বয়সী এক সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, ঘাতক ওই ব্যক্তির দুটি হাতেই ধারালো ছুরি শক্ত করে বাঁধা ছিল। সে প্রথমে শপিংমলের বেসমেন্টে অবস্থিত একটি ডিসকাউন্ট স্টোরে কেনাকাটা করতে আসা মানুষদের ওপর আচমকা হামলা চালায় এবং ছুরি দিয়ে কোপাতে শুরু করে।
এরপর রক্তের হোলি খেলতে খেলতে সে এস্কেলেটর দিয়ে ওপরের তলার দিকে উঠতে থাকে এবং সামনে আসা একের পর এক মানুষকে এলোপাতাড়ি আঘাত করে। শপিংমলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে একাধিক সাহসী সাধারণ মানুষ ও ক্রেতা জীবনের ঝুঁকি নিয়ে একজোট হয়ে ঘাতক লোকটিকে জাপটে ধরে কাবু করেন এবং পরবর্তীতে পুলিশের হাতে সোপর্দ করেন।
জরুরি উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রক্তাক্ত ও আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২০ বছর বয়সী এক তরুণী হাসপাতালে পৌঁছানোর পরপরই ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় জরুরি অস্ত্রোপচারের (সার্জারি) জন্য নেওয়া হয়। অন্যান্য আহতদের আঘাতের গভীরতা পর্যবেক্ষণ করা হচ্ছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে এখনও স্পষ্ট নয় যে, ৫৯ বছর বয়সী ওই ব্যক্তি ঠিক কী উদ্দেশ্যে কিংবা কোন ক্ষোভ থেকে সাধারণ কেনাকাটা করতে আসা মানুষের ওপর এমন নির্মম তাণ্ডব চালিয়েছে। ইনচনের থমথমে ও আতঙ্কিত এই ঘটনায় হামলাকারীর মানসিক অবস্থা ও হামলার মূল নেপথ্য কারণ উদঘাটনে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ।
তথ্যসূত্র: এএফপি