সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের দেওয়া ঐতিহাসিক রায়কে ‘অন্যায্য’ বলে দাবি করেছে দেশটির সরকার।
শুক্রবার, রাজধানী নেপিদোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সো বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই সিদ্ধান্ত সর্বসম্মত ছিল না এবং মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়ার মামলা দায়েরের সাত বছর পর আইসিজে এই যুগান্তকারী রায় ঘোষণা করেন। ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করলো বিশ্ব আদালত। এ ছাড়া নাৎসি হলোকাস্টের পর এ নিয়ে চতুর্থবারের মতো কোনো আন্তর্জাতিক আদালত কোনো ঘটনায় গণহত্যার আইনি মানদণ্ড পূর্ণ হওয়ার বিষয়ে রায় দিলেন।
সংবাদ সম্মেলনে খাইং খাইং সো বলেন, আমাদের দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই যে, এই সিদ্ধান্ত সবার সর্বসম্মত সিদ্ধান্ত নয় এবং এটি ন্যায়সংগতও নয়। রায়ের প্রতিক্রিয়ায় তিনি আরও উল্লেখ করেন, বিশ্বের বড় বড় নেতারাও অতীতে বলেছেন যে আইসিজের মতো ‘রাজনৈতিক সংস্থাগুলোর’ তাদের বিচারিক ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়।
১৯১ পৃষ্ঠার এই রায়ে বিচারকেরা উল্লেখ করেছেন, তথাকথিত ‘শুদ্ধি অভিযানের’ নামে মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা পুরুষ ও কিশোরদের গণহত্যা করেছে, নারী ও মেয়েদের ওপর ব্যাপক মাত্রায় ধর্ষণ ও যৌন সহিংসতা চালিয়েছে এবং শত শত গ্রাম জ্বালিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। রায়ে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর রাখাইনের ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার ঘটনা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদন এবং পরবর্তীতে রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেপ্তার করে ৫০০ দিনের বেশি কারাবন্দী রাখার বিষয়টিও বিশেষভাবে স্থান পেয়েছে।
বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার রোহিঙ্গারা বর্তমানে যুদ্ধবিধ্বস্ত নিজ দেশে যেমন ক্রমবর্ধমান সহিংসতার মুখে রয়েছে, তেমনি প্রতিবেশী বাংলাদেশের জনাকীর্ণ শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গাও চরম মানবেতর জীবনযাপন করছে। আদালতের রায়ে বলা হয়েছে, মিয়ানমারের সংঘটিত এই অন্যায়ের জন্য রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে, যার পরিমাণ পরবর্তীতে নির্ধারণ করা হবে। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের’ সুযোগ করে দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।
আইসিজের এই রায় ঘোষণার পর বাংলাদেশে অবস্থিত বিশাল শরণার্থী শিবিরগুলোতে হাজারো রোহিঙ্গা আনন্দ প্রকাশ করলেও কবে নাগাদ তারা নিজ দেশে ফিরতে পারবেন, তা নিয়ে এখনো গভীর অনিশ্চয়তা রয়ে গেছে। কারণ, রাষ্ট্রসমূহের মধ্যকার বিরোধ নিষ্পত্তি ও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের বিচারকারী আইসিজের রায় চূড়ান্ত হলেও তা সরাসরি বলবৎ বা কার্যকর করার ক্ষেত্রে আদালতটির নিজস্ব ক্ষমতা অত্যন্ত সীমিত।
তথ্যসূত্র: রয়টার্স