ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি বন্যাকবলিত অননুমোদিত স্বর্ণখনিতে আটকে পড়া ডজনখানেক শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। বুধবার পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত সোমবার ভারী বর্ষণের পর একটি নদী উপচে জাভার বোগোর জেলার ওই উন্মুক্ত স্বর্ণখনিতে পানি ঢুকে পড়ে এবং শ্রমিকেরা ভেতরে আটকা পড়েন।
জাকার্তা অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় জানিয়েছে, শ্রমিকেরা প্রায় ১০০ মিটার (৩২৮ ফুট) গভীর একটি খনিতে আটকা পড়েছেন। সংস্থাটির মতে, খনিতে প্রবেশপথ অত্যন্ত সরু, ভেতরের পথ পিচ্ছিল এবং অন্ধকারাচ্ছন্ন; তবে উদ্ধার অভিযানের আকার বা আটকে পড়া শ্রমিকদের নাগাল পাওয়ার অগ্রগতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
জাকার্তা অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান দেসিয়ানা কার্তিকা বাহরি এক বিবৃতিতে বলেন, পানির অবস্থা পর্যবেক্ষণ এবং খনির শ্যাফটে প্রবেশের পরিস্থিতি যাচাই করতে অভিযানে যুক্ত সব উদ্ধারকর্মীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। উদ্ধারকর্মীদের নিরাপদ কার্যক্রম নিশ্চিত করতে শ্যাফটের গভীরতা, সরু প্রবেশপথ ও সীমিত আলোর বিষয়গুলো বিবেচনায় নিয়ে অনুসন্ধান কৌশল নির্ধারণ করা হচ্ছে বলে জানান তিনি।
খনিটি রাজধানী জাকার্তা থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে বোগোরের পংকোর এলাকায় অবস্থিত; এটি একটি পার্বত্য অঞ্চল, যেখানে রাষ্ট্রীয় খনি প্রতিষ্ঠান ‘আনতাম’ স্বর্ণ উত্তোলন কার্যক্রম পরিচালনা করে।
খনিজ সম্পদে সমৃদ্ধ ইন্দোনেশিয়ার প্রত্যন্ত অঞ্চলে নিয়ন্ত্রণ ও তদারকি করা কর্তৃপক্ষের জন্য কঠিন হওয়ায় প্রায়ই ক্ষুদ্র পরিসরে অননুমোদিত খননকাজে দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম ‘দেটিক’-এর প্রতিবেদন অনুযায়ী, বোগোরের অপর একটি এলাকায় প্রায় ৩০টি স্বর্ণখনির গর্ত গত সপ্তাহেই বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: আল জাজিরা