রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করতে শিগগিরই মস্কো সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের সাথে রাশিয়ার স্থগিত হওয়া শস্য চুক্তির বিষয়ে আলোচনা করবেন এ দুই রাষ্ট্রপ্রধান।
তুরেস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) মুখপাত্র ওমের চেলিক সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ডেইলি সাবাহ'র।
ওমের বলেন, বৈঠকটি অনুষ্ঠিত হবে রাশিয়ার সোচি শহরে। তুরস্ক আশা করছে এর মাধ্যমে আসন্ন ‘খাদ্য সংকট’ এড়ানো যাবে।
এর আগে ব্লুমবার্গ জানিয়েছিল, জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি যাওয়ার আগে এরদোয়ান ৮ সেপ্টেম্বর পুতিনের সাথে সাক্ষাৎ করতে পারেন।
এদিকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, বৈঠকের প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে কখন কোথায় বৈঠকটি অনুষ্ঠিত হবে সে সম্পর্কে তিনি কিছু বলেননি।
২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি বিষয়ক চুক্তি করতে রাশিয়া ও ইউক্রেনকে সহায়তা করেছিল তুরস্ক। কিন্তু গেলো মাসে ক্রিমিয়া সেতুতে হামলার অভিযোগে ইউক্রেনের সাথে শস্য চুক্তি স্থগিত করে রাশিয়া।