ইউক্রেনের গমের দ্বিতীয় চালান তুরস্কে পৌঁছেছে

রাশিয়ার বিরোধিতা ও হুমকি সত্ত্বেও কৃষ্ণসাগর হয়ে ইউক্রেনীয় গমের দ্বিতীয় চালান তুরস্কে পৌঁছেছে। রোববার সামুদ্রিক ট্র্যাফিক পর্যবেক্ষণ সাইটের তথ্য অনুসারে ইউক্রেনীয় গমের দ্বিতীয় চালানটি ইস্তাম্বুল পৌঁছে।

ইউক্রেনের দিকে যাওয়া বা আসা জাহাজগুলোতে রুশ হামলার হুমকি সত্ত্বেও পালাউয়ের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার আরোয়াট  ১৭ হাজার ৬০০ টন গম বোঝাই করে শুক্রবার ইউক্রেনের বন্দর শহর চোরনোমর্স্ক ছেড়ে মিশরের উদ্দেশ্যে রওনা হয়। খবর আল আরাবিয়া’র।

জাতিসংঘ-সমর্থিত শস্যচুক্তি থেকে রাশিয়া নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পর আন্তর্জাতিক জলসীমা ব্যবহার এড়িয়ে ন্যাটো সদস্য বুলগেরিয়া এবং রোমানিয়ার নিয়ন্ত্রিত জলপথ অনুসরণ করে ইউক্রেন একটি নতুন সামুদ্রিক রুট পরীক্ষা করছে। এ রুটেই ইস্তাম্বুল পৌঁছেছে আরোয়াট। 

মেরিন ট্র্যাফিক এবং ভেসেল ফাইন্ডার ওয়েবসাইট অনুসারে, রোববার গ্রীনিচ মান সময় ০৩:০০ টায় আরোয়াট বসফরাস প্রণালীর দক্ষিণ প্রান্ত অতিক্রম করছিল। 
এটিকে ভূমধ্যসাগরে পৌঁছানোর জন্য ডার্দানেলেস প্রণালীর দিকে অগ্রসর হতে হয়েছে।

এর আগে, তিন হাজার টন গম বোঝাই পালাউয়ের পতাকাবাহী আরেকটি জাহাজ মঙ্গলবার কোন ঘটনা ছাড়াই চোরনোমর্স্ক বন্দর থেকে ছেড়ে বৃহস্পতিবার ইস্তাম্বুলে পৌঁছেছে।

রাশিয়া এবং ইউক্রেন বিশ্বে দুইটি প্রধান কৃষি পণ্য সরবরাহকারী দেশ, যাদের সরবরাহ বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছরের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনের ওপর মস্কোর আক্রমণ এবং পরবর্তীতে রাশিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী সরবরাহ ও বাজারকে অস্থিতিশীল করেছে।