রসায়নে নোবেল পেলেন তিন গবেষক

২০২৩ সালে রসায়নে নোবেল বিজয়ী হয়েছেন তিন গবেষক। নোবেল বিজয়ীরা হলেন ফরাসি রসায়নবিদ মুঙ্গি জি বাওয়েন্দি, মার্কিন গবেষক লুইস ই ব্রুস এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের গবেষক অ্যালেক্সি আই একিমোভ।

বুধবার এই পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

নোবেল কমিটি ঘোষণায় বলেছে, কোয়ান্টাম ডটের আবিষ্কার, উন্নয়ন এবং ন্যানো ক্রিস্টাল প্রযুক্তি বা ন্যানোপার্টিকেলের আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে অবদান রেখেছেন তারা। তাদের আবিষ্কারের মাধ্যমে ইলেকট্রনিকস পণ্য থেকে শুরু করে স্বাস্থ্যখাতে বিপ্লব আনার স্বীকৃতি স্বরূপ তাদের এই পুরষ্কারে ভূষিত করা হয়।

নোবেল কমিটির তথ্য অনুসারে, ১৯৬১ সালে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন মুঙ্গি বাওয়েন্দি । বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক।

নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক লুই ব্রুসের জন্ম ১৯৪৩ সালে যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ক্লিভল্যান্ডে।

অপরজন আলেক্সি একিমোভ। তিনি ১৯৪৫ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি নিউইয়র্কের ন্যানোক্রিস্টালস টেকনোলজি ইনকরপোরেশনে কর্মরত।

তবে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে এবারের নোবেল বিজয়ীদের নাম ফাঁস হয়ে যায়। এ নিয়ে একাধিক সংবাদমাধ্যমে খবরও প্রকাশ হয়। কিন্তু বিষয়টিকে তখন গুজব বলে উড়িয়ে দেয় সংশ্লিষ্ট মহল। কিন্তু নির্ধারিত সময়ে ঘোষিত বিজয়ীদের নামের তালিকার সঙ্গে ফাঁস হওয়া তালিকা মিলে যায়। এ প্রসঙ্গে নোবেল কমিটির তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০২২ সালে রসায়নে নোবেল পান যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ক্যারোলিন আর বারতোজ্জি, ডেনমার্কের বিজ্ঞানী মর্টেন মেলডাল ও মার্কিন বিজ্ঞানী কে ব্যারি শার্পলেস। ক্লিক কেমিস্ট্রি অ্যান্ড বায়োঅর্থগোনাল কেমিস্ট্রির উন্নয়নে বিশেষ অবদান রাখায় গত বছর তারা নোবেল পান।

এর আগে, মঙ্গলবার (৩ অক্টোবর) পদার্থবিদ্যায় চলতি বছরের নোবেল পান যুক্তরাষ্ট্র, হাঙ্গেরি ও ফ্রান্সের তিন বিজ্ঞানী। পদার্থের ইলেকট্রন ডাইনামিকস গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষণলব্ধ প্রক্রিয়া নিয়ে গবেষণা করায় পিয়ের আগোস্তিনি (যুক্তরাষ্ট্র), ফেরেন্স ক্রাউজ (হাঙ্গেরি) ও অ্যান লিয়েরকে (ফ্রান্স) এই নোবেল দেওয়া হয়।

সোমবার (২ অক্টোবর) চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। চলতি বছর চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পান কাতালিন কারিকো ও ড্রু ওয়েইজম্যান। নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে তাদের আবিষ্কারের জন্য এ বছর তারা নোবেল পুরস্কার পান, যেটি কোভিড-১৯-এর বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন উদ্ভাবনে সহায়তা করেছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর)  সাহিত্যে অবদান রাখার জন্য নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে । এরপর শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করার কথা রয়েছে।