আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে দায়ের করা দক্ষিণ আফ্রিকার মামলায় বাদী হতে চায় স্পেন। বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন ইউরোপীয় দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ।
জানুয়ারিতে গাজায় গণহত্যার জন্য ইসরাইলের বিরুদ্ধে আইসিজেতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। এই মামলার শুনানিতে ইতোমধ্যে আদালত জরুরি পদক্ষেপ হিসেবে দুইটি আদেশ দিয়েছে। যদিও ইসরাইল তা অগ্রাহ্য করে যাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
এর আগে কলম্বিয়া, মিসর ও তুরস্ক আইসিজেতে ইসরাইলের বিরুদ্ধে এ গণহত্যার মামলায় বাদী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল।
স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী আলবারেজ বলেন, গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে অভিযোগকারী হিসেবে যুক্ত হতে চায়। মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতিও তারা উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
তিনি বলেন, স্পেন শুধু গাজায় ও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য এ সিদ্ধান্ত নেয়নি বরং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অবস্থান থেকেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের লক্ষ্য হলো যুদ্ধের অবসান এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে এগিয়ে যাওয়া।
এই ঘোষণার এক সপ্তাহ পূর্বে আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে স্পেন ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এ পদক্ষেপে ইসরাইল ক্ষুব্ধ হয়ে ইউরোপীয় দেশ তিনটি থেকে দূত প্রত্যাহার করে নেয়। ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ সেসময় দাবি করেন, এর মাধ্যমে হামাসের সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হয়েছে।