ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধে পঞ্চম ভারতীয় সেনা নিহত

ইউক্রেনে রুশ বাহিনীর পক্ষে যুদ্ধে আরও এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। তার এক আত্মীয় সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত পঞ্চম ভারতীয় নাগরিকের মৃত্যু নিশ্চিত হয়েছে।

হাজার হাজার বিদেশি সেনার মধ্যে শত শত ভারতীয় রয়েছে বলে মনে করা হয়। মস্কো তার বাহিনীকে শক্তিশালী করার জন্য ভারতীয় সেনা নিয়োগ করেছে এবং নয়াদিল্লি তাদের ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মাসে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে পুতিন ভারতীয় সেনাদের ফেরত পাঠানোর ‘আশ্বাস দিয়েছেন’।

নিহত সেনা রবি মৌনের ভাই অজয় ফোনে এএফপিকে জানিয়েছেন, ২২ বছর বয়সী রবি মৌন একজন প্রাইভেট রিক্রুটিং এজেন্টের দ্বারা পরিবহনে চাকরির প্রতিশ্রুতি দেওয়ার পর জানুয়ারিতে রাশিয়া গিয়েছিলেন। কিন্তু, পরে তাকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় এবং মার্চে ইউক্রেনের সঙ্গে সীমান্তে যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হয়।

অজয় বলেন, ‘তার সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলার পর আমি মস্কোতে ভারতীয় দূতাবাসের কাছে গিয়েছিলাম এবং তারা আমাদের জানায়, আমার ভাই মারা গেছে।’

দূতাবাসের পক্ষ থেকে পরিবারকে রবির দেহ শনাক্ত করতে ডিএনএ নমুনা পাঠাতে বলা হয়েছিল।

অজয় বলেছেন, তার ভাই একবার সীমান্ত থেকে ফিরে এসেছিল। কিন্তু পরে তাকে আবার যুদ্ধের জন্য নিয়ে যাওয়া হয়। তবে কখন তিনি মারা গেছেন তা স্পষ্ট নয়। অজয় বলেন, ‘তারপর আমরা তার সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলাম।’

রবি মৌনের পরিবার তার মরদেহ ফিরিয়ে আনতে মোদির কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।

রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার দুই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে কয়েক হাজার সেনা নিহত হয়েছে এবং মস্কো আরও সেনার জন্য বিশ্বব্যাপী সহযোগিতা চেয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে বলেছিল, রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে লড়াইরত প্রায় ৫০ জন ভারতীয়কে ফিরিয়ে আনতে সরকার এখনও রুশ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই বছর এ পর্যন্ত আরও চার ভারতীয় সেনা মারা গেছেন। ইতোমধ্যে ভারতীয় কর্তৃপক্ষ দেশটির নাগরিকদের পাচারের অভিযোগে অভিযুক্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।