রাশিয়ার ওপর নতুন একটি নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার রাশিয়ার পাঁচটি জাহাজ এবং আরও দুইটি শিপিং প্রতিষ্ঠানকে নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আনার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।
চলতি মাসের শুরুতে যুক্তরাজ্য রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের ১০টি ট্যাংকার জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রাশিয়া তেল নিষেধাজ্ঞা এড়াতে অবৈধ পদ্ধতিতে এ ‘শ্যাডো ফ্লিট’ ব্যবহার করছে বলে তখন ব্রিটিশ সরকার দাবি করেছিল।
রাশিয়া পশ্চিমা দেশগুলোর তেল রপ্তানি সীমিত করার চাপ প্রত্যাখ্যান করেছে।
বৃহস্পতিবার নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আনা প্রতিষ্ঠানগুলো হল, হোয়াইট ফক্স শিপ ম্যানেজমেন্ট এবং ওশান স্পিডস্টার সল্যুশনস ওপিসি। আর নিষিদ্ধ জাহাজগুলো হল, এশিয়া এনার্জি, পাইওনিয়ার, নর্থ স্কাই, এসসিএফ লা পেরোস এবং নোভা এনার্জি।
এদিকে, নানা নিষেধাজ্ঞার পরও উল্টো গত বছর থেকে ওই ধরণের ট্যাংকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যেগুলো প্রচলিত পশ্চিমা সরবরাহকারী দ্বারা নিয়ন্ত্রিত বা বিমাকৃত নয়।