ড্রোন আতঙ্কে বন্ধ মস্কোর চার আন্তর্জাতিক বিমানবন্দর

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে রোববার বিকেলে রাশিয়ার রাজধানী মস্কোর চারটি আন্তর্জাতিক বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এদিন মাত্র এক ঘণ্টার ব্যবধানে আকাশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের ১১টি ড্রোন গুলি করে নামায়।

রাশিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থা 'রসাভিয়াতসিয়া' এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিরাপত্তার খাতিরে দোমোদেদোভো, ভনুকোভো, ঝুকোভস্কি এবং শেরেমেতিয়েভো, এই চারটি আন্তর্জাতিক বিমানবন্দরেই বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।


মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন তাঁর নিজস্ব সামাজিক মাধ্যম চ্যানেলে বলেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী মস্কোর দিকে উড়ে আসা আরও একটি ইউএভি বা ড্রোন প্রতিহত করেছে। স্থানীয় সময় বিকেল চারটায়  দেয়া এক পোস্টে তিনি জানান, এখন পর্যন্ত মোট ১১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

প্রতিবেশী দেশ দুটির মধ্যে যুদ্ধ চতুর্থ বছরে পদার্পণ করার মুহূর্তে রাশিয়া দাবি করছে যে, ইউক্রেনীয় ড্রোনগুলো নিয়মিতভাবে মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে হামলা চালাচ্ছে। একইভাবে রাশিয়াও ইউক্রেনের ওপর ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বৃষ্টি বর্ষণ করে চলেছে।