পোলিশ পর্যটকবাহী বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১২

হাঙ্গেরির পূর্বাঞ্চলীয় একটি মহাসড়কে গভীর রাতে পোলিশ পর্যটকবাহী এক যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গিয়ে অন্তত ১২ জন নিহত এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে এক ফেসবুক পোস্টে হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার এই মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার ভোরের দিকে মেজোকেরেসটেস শহরের কাছে এম-৩ মোটরোয়েতে দুর্ঘটনাটি ঘটে। বাসটি যাত্রী নিয়ে নিইরেগিহাজা শহরের দিকে যাচ্ছিল।

Polish bus crash 02
হাঙ্গেরির সরকারি সংবাদ সংস্থা এমটিআই জানিয়েছে, লাল রঙের ওই বাসটিতে ৫৭ জন যাত্রী এবং দুজন চালক ছিলেন। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, মহাসড়কের পাশের খাদে একপাশে মারাত্মক দুমড়ে-মুচড়ে পড়ে আছে লাল রঙের বাসটি। সেটির জানালার কাচগুলো চূর্ণবিচূর্ণ হয়ে গেছে এবং যাত্রীদের মালামাল ও সুটকেস চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

হাঙ্গেরি পুলিশ তাদের ওয়েবসাইটে জানায়, এম-৩ মোটরোয়ে ধরে নিইরেগিহাজার দিকে যাওয়ার সময় পোল্যান্ডে নিবন্ধিত বাসটি সোজা সড়ক থেকে হঠাৎ দিক পরিবর্তন করে খাদে পড়ে গিয়ে উল্টে যায়। প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানো অবস্থায় চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার পরই বাস চালককে হেফাজতে নেওয়া হয়েছে।

Polish bus crash 01
দুর্ঘটনায় আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারোল নাওরকি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বলেন, হাঙ্গেরিতে পোলিশ বাস দুর্ঘটনার করুণ সংবাদটি গভীর শোকের সাথে পেয়েছি, যেখানে আমাদের বহু সহনাগরিক প্রাণ হারিয়েছেন।

পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রডোস্লাভ সিকোর্স্কিও এক্সে নিশ্চিত করে জানিয়েছেন যে পোলিশ পর্যটকদের নিয়ে যাওয়া একটি বাসে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তিনি লেখেন, কনস্যুলার সার্ভিস উদ্ধারকাজ ও সহায়তায় সক্রিয় রয়েছে। আমরা হাঙ্গেরির কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দ্রুতই যাচাইকৃত সব তথ্য প্রদান করা হবে।