কিয়েভ ও আশপাশে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশেপাশের অঞ্চলে বড় ধরনের রাতারাতি হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সামরিক-শিল্প খাত এবং জ্বালানি ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে এই ব্যাপক আক্রমণ চালানো হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, কিয়েভের গুরুত্বপূর্ণ ‘নর্দান ব্রিজ’-এ হামলা চালিয়েছে তাদের বাহিনী। তাদের ভাষ্যমতে, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর অস্ত্র, সামরিক সরঞ্জাম ও যানবাহন পরিবহনের কাজে সেতুটি ব্যবহার করা হচ্ছিল। এছাড়া কিয়েভের মেরিডিয়ান কারখানাতেও আঘাত হানা হয়েছে, যেখানে ‘ফ্লেমিংগো’ ক্রুজ মিসাইল তৈরি করা হয় বলে দাবি মস্কোর।

এই হামলায় কিয়েভ অঞ্চলের বেশ কিছু জ্বালানি ও শিল্প স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে একটি বিদ্যুৎ কেন্দ্র, একটি বিদ্যুৎ সাব-স্টেশন এবং একটি অস্ত্র উৎপাদন কারখানা। এছাড়া ঝাইটোমীর অঞ্চলের একটি বিদ্যুৎ সাব-স্টেশন এবং কৃষ্ণ সাগরে অস্ত্র ও দ্বৈত ব্যবহারের পণ্য বহনকারী একটি কার্গো জাহাজও রুশ বাহিনীর লক্ষ্যবস্তু ছিল বলে জানিয়েছে মন্ত্রণালয়।

গত কয়েকদিনের মধ্যে এই হামলাকে ইউক্রেনের অবকাঠামো এবং সামরিক সাপ্লাই লাইনে অন্যতম বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে।

তথ্যসূত্র: রয়টার্স