৮১ বছর বয়সে বুকার জিতে ইতিহাস গড়লেন হ্যারিসন

বয়সটা শুধু একটা সংখ্যামাত্র! কথাটি আবার প্রমাণ করলেন ছক্কার ওপর ছক্কা হাঁকানো প্রবীণ লেখক এম জন হ্যারিসন। ৮১ বছর বয়সে এসে বুকার পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বয়স্ক বিজয়ী হিসেবে নিজের নাম সোনায় মুড়িয়ে নিলেন তিনি।

৬০ বছরের দীর্ঘ লেখালেখির ক্যারিয়ারে তৈরি হওয়া ভক্তকুলকে চমকে দিয়ে সোমবার লন্ডনের জমকালো সন্ধ্যায় তাঁর হাতে উঠলো ৫০ হাজার পাউন্ডের চেক আর বছরের সেরা সাহিত্যের খেতাব।

Booker Prize 02
পুরস্কার এসেছে তাঁর প্রলয়-পরবর্তী আবহে লেখা উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’ (সব কিছুর শেষ)-এর হাত ধরে। একটি রহস্যময় মহাবিপর্যয়ের পর চুরমার হয়ে যাওয়া ব্রিটিশ সমাজব্যবস্থা ও পরগ্রহের প্রাণীদের আবির্ভূত হওয়ার প্রেক্ষাপটে গড়ে উঠেছে এর গল্প।

তবে সাহিত্যজগতে বইটি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। কারও কাছে এটি বিষাদময় কিন্তু অসাধারণ, আবার কারও মতে স্বপ্নের মতো অস্পষ্ট ও ভড়কে দেওয়ার মতো দুর্বোধ্য।

বিচারক বোর্ডের প্রধান ডেম মেরি বিয়ার্ড মুচকি হেসে স্বীকারই করে নিলেন, পড়াটা বেশ কঠিন ছিল বটে, তবে সেরা সাহিত্য তো একটু চ্যালেঞ্জিং হবেই! তাঁর মতে, বইটি পাঠককে ভেতর থেকে ওলটপালট করে দেয়, ঠোঁটের কোণে বাঁকা হাসি ফোটায় এবং শেষমেশ মনের ভেতর অদ্ভুত এক আশা জাগিয়ে দিয়ে যায়।

হ্যারিসন নিজে অবশ্য পাঠকদের এই ধাঁধায় ফেলার দায় নিজের কাঁধেই নিয়েছেন। বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে রসিকতা করেই যেন বললেন, আধুনিক তথ্যবোমার যুগে আমরা কীভাবে প্রতিনিয়ত খেই হারিয়ে ফেলছি, সেটাই তিনি এ উপন্যাসে ব্যঙ্গ করেছেন। তাঁর সোজা কথা, তিনি এমন এক বিপর্যয়ের গল্প লিখতে চেয়েছেন, যেখানে মূল বিপর্যয়টাই হলো দুনিয়াকে বুজতে না পারার ব্যর্থতা!

Booker Prize 01
উপন্যাসটি ঘিরে সমালোচকদের কাদা ছোঁড়াছুঁড়িও কম হয়নি। নিউইয়র্ক টাইমস যেখানে বলেছে, বইটি যত পড়া যায় গোলকধাঁধা তত বাড়ে, সেখানে দ্য টেলিগ্রাফ একে একেবারে কালজয়ী ও মোক্ষম সময়ের সৃষ্টি বলে আখ্যা দিয়েছে। বিচারকদের মধ্যেও ঝগড়াঝাঁটি কম হয়নি।

বিচারক প্যানেলের অন্যতম সদস্য প্যাট্রিশিয়া লকউড নাকি তর্কাতর্কির একপর্যায়ে বই ছুড়েও মেরেছিলেন! তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দিনশেষে সর্বসম্মতিক্রমে হ্যারিসনের মাথায়ই উঠেছে জয়ের মুকুট।

১৯৬৯ সাল থেকে শুরু হওয়া বুকারের দীর্ঘ ইতিহাসে মার্গারেট অ্যাটউডের রেকর্ড ভেঙে প্রবীণতম বিজয়ী হওয়ার এই গৌরব অর্জন করলেন সায়েন্স ফিকশনের এই ‘টাইটান’। প্রথাগত ধারার বাইরে গিয়ে আশি পার করা এক লেখকের এমন ধামাকাদার জয় সাহিত্য দুনিয়ায় নতুন এক আলোচনার জন্ম দিল।

তথ্যসূত্র: বিবিসি