দ্বিতীয় দিনে গুরুত্ব পেলো জ্বালানি নিরাপত্তা ও সবুজ প্রযুক্তি

তুরস্কে আয়োজিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) দ্বিতীয় দিনে বিশ্বনেতা ও বিশেষজ্ঞরা জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি, শক্তিশালী গ্রিড অবকাঠামো এবং টেকসই পরিবহন ব্যবস্থার ওপর আলোকপাত করেছেন। মঙ্গলবার দিনব্যাপী সম্মেলনের বিভিন্ন সূচিতে প্রায় ৩৭০টি অধিবেশন অনুষ্ঠিত হয়, যার মধ্যে কেবল জ্বালানি ও পরিবহন বিষয়কেই কেন্দ্র করে অনুষ্ঠিত হয় অন্তত ১৪০টি পর্ব।

কূটনৈতিক আলোচনা ও উচ্চপর্যায়ের বৈঠকের জন্য নির্ধারিত 'ব্লু জোন'-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে আজারবাইজান, কাজাখস্তান ও উজবেকিস্তানের মধ্যকার সবুজ জ্বালানি অংশীদারিত্ব বিষয়ক মন্ত্রীপর্যায়ের বৈঠকটি ছিল অন্যতম। পাশাপাশি আন্তর্জাতিক ভূরাজনৈতিক ঝুঁকি কাটিয়ে কীভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যায়, সবুজ জ্বালানি রূপান্তরে অর্থায়ন কীভাবে বাড়ানো সম্ভব এবং নবায়নযোগ্য জ্বালানির অবকাঠামো সম্প্রসারণে কী কী পদক্ষেপ প্রয়োজন, এসব বিষয়ে গঠনমূলক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ইউক্রেনের জ্বালানি খাতের রূপান্তর নিয়েও বিশেষ একটি অধিবেশন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে সাধারণ দর্শনার্থী ও বৈচিত্র্যময় অংশীদারদের জন্য উন্মুক্ত 'গ্রীন জোন'-এ আলোচনা অনুষ্ঠিত হয় টেকসই গতিশীলতা (সাসটেইনেবল মোবিলিটি), পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ এবং শিল্প খাতের কার্বন নিঃসরণ কমানোর উপায় নিয়ে। দিনটিতে বিশেষ নজর কেড়েছে তুর্কি বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'টগ'-এর আয়োজনে টেকসই পরিবহনের নতুন রূপরেখা সংক্রান্ত বিশেষ আলোচনাটি। এর পাশাপাশি পরিবেশবান্ধব বিমান জ্বালানি (স্যাফ), জ্বালানি মজুদের উন্নত প্রযুক্তি এবং গতিশীল পরিবহনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার নিয়ে একাধিক প্যানেল আলোচনা আয়োজিত হয়।

উল্লেখ্য, অ্যানতালিয়া শহরে গত সোমবার খাদ্য, কৃষি ও স্বাস্থ্য খাতকে প্রাধান্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় কপ৩১ সম্মেলনের বিশ্বমঞ্চ। আগামী ২০ নভেম্বর পর্যন্ত টানা চলতে থাকা এই বৈশ্বিক সম্মেলনে কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং ক্ষতিগ্রস্ত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রয়োজনীয় অর্থায়নের মতো সংবেদনশীল বিষয়গুলোতে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করবেন বিশ্বের নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, ব্যবসায়ী প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি