পশ্চিম তুরস্কের ইজমির প্রদেশের আলিয়াগা জেলায় একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ জন শ্রমিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে হাবাস ডেমির চেলিক নামের ইস্পাত উৎপাদনকারী কারখানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন শ্রমিক আটকে থাকায় উদ্ধারকর্মীরা তাঁদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন।
কারখানাটিতে পরিকল্পিত রক্ষণাবেক্ষণ কাজ চলার সময় একটি ক্যাটওয়াক বা ক্রেন ছিঁড়ে গেলে এই অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ইজমির গভর্নরের কার্যালয় ও প্রাথমিক তদন্ত সূত্রের বরাত দিয়ে জানা যায়, তরল ইস্পাত ঢালাইয়ের সময় একটি বয়লার বহনকারী ছাদের ক্রেন ছিঁড়ে নিচে থাকা ইলেকট্রিক আর্ক ফার্নেসের (বৈদ্যুতিক চুল্লি) ওপর পড়ে যায়।
এতে মুহূর্তের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুরো কারখানায় আগুন ধরে যায়। ঘটনার সময় ধারণ করা ফুটেজে কারখানাটি থেকে ঘন ধোঁয়া ও ধূলিঝড় উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে চারপাশের মাটি কেঁপে ওঠে; অনেকে এটিকে ভূমিকম্প বলে ভুল করেছিলেন।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোলু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে নিশ্চিত করেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এর আগে এক ক্যাবিনেট বৈঠক শেষে দেয়া ভাষণে দেশের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ১৬ জন নিহতের তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু হয়েছে এবং উদ্ধারকাজ জোরদার করা হয়েছে।
আহত শ্রমিকদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। ইজমিরের গভর্নর সুলেমান এলবান জানান, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে এবং অনুসন্ধান ও উদ্ধারকারী দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এই মর্মান্তিক ঘটনার পেছনে অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখতে ইতিমধ্যে অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, আলিয়াগা জেলা তুরস্কের অন্যতম বড় সমুদ্রবন্দর ও জাহাজ ভাঙা শিল্প এলাকা হিসেবে পরিচিত। দুর্ঘটনার শিকার হাবাস ডেমির চেলিক কারখানাটি দেশটির অন্যতম শীর্ষ ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হয়ে আসছিল।
তথ্যসূত্র: ডয়েচসে ভেলে-টাইমস অব ইন্ডিয়া