ইতালির প্রায় ৬ হাজার ৩০০ স্কুল একই সঙ্গে ভুয়া বোমা হুমকির ই-মেইল পাওয়ার পর দেশটির বিভিন্ন এলাকায় স্কুল ভবনগুলো খালি করা হয়েছে। শুধু ইতালিই নয়, একই ধরনের বার্তা পাওয়ার কথা জানিয়েছে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কর্তৃপক্ষও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
বুধবার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দৃঢ়কণ্ঠে জানিয়েছেন যে, দেশটির স্কুলগুলোতে এই মুহূর্তে কোনো বাস্তব বিপদ বা ঝুঁকির অস্তিত্ব নেই। তবুও পরিস্থিতি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় নিরাপত্তা কৌশল নির্ধারণ করতে সরকারের মন্ত্রীদের নিয়ে একটি জরুরি বৈঠক ডেকেছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স হুমকি দেয়া ই-মেইলটির একটি কপি হাতে পেয়েছে। ওই বার্তাটিতে স্বয়ং প্রধানমন্ত্রী মেলোনির প্রতিও সরাসরি হুমকি দেওয়া হয়েছিল। ই-মেইলে প্রেরক হিসেবে ‘মিখাইল আন্দ্রোপভ’ এবং নিজেকে ‘ভিলায়াত অব মিসোজিনিস্তান’-এর নেতা হিসেবে স্বাক্ষর করা হয়েছে।
মজার বিষয় হলো, গত সপ্তাহে আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার নিউজরুমে পাঠানো বোমা হুমকির ই-মেইলেও একই লেখকের নাম ব্যবহার করা হয়েছিল।
সুপারমার্কেট, ব্লাড ব্যাংক, বিমান চলাচল নিয়ন্ত্রণ থেকে শুরু করে টিভি সম্প্রচার মাধ্যমকে লক্ষ্য করে হাইব্রিড যুদ্ধের হুমকি এবং সাইবার হামলার ঘটনায় পুরো ইউরোপজুড়ে যখন উদ্বেগ তুঙ্গে, ঠিক তখনই বুধবারের এই বড় ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করা হলো।
ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা জানান, অন্তত ৩০০ স্কুল হুমকিতে প্রাথমিকভাবে প্রভাবিত হয়েছে এবং এই সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, এটি স্পষ্ট যে এর পেছনে সংঘটিত কৌশল কাজ করছে। কে বা কারা এর নেপথ্য রয়েছে তা এখনই সুনির্দিষ্ট করে বলা কঠিন, তবে গোয়েন্দা সংস্থাগুলো তাদের শনাক্ত করতে জোরালোভাবে কাজ করছে।
তিনি আরও আশ্বস্ত করে বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ ই-মেইলের বিষয়বস্তু বিশ্লেষণ করে স্পষ্ট বোঝা যায় এটি কোনো বাস্তব ঝুঁকি নয়, বরং প্রকৃত হুমকির চেয়ে একটি বড় ধরনের সাইবার হামলা বা পরিকল্পিত আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা।
উত্তর আয়ারল্যান্ড ও স্কটলোন্ডেও ভুয়া আতঙ্ক: বুধবার আলাদাভাবে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের বহু স্কুলেও একই ধরনের হুমকির ই-মেইল পাঠানো হয়েছে। উত্তর আয়ারল্যান্ডের শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ এটিকে কোনো বিশ্বাসযোগ্য হুমকি মনে না করায় স্কুলগুলো খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বার্তাটির সঙ্গে গত মাসে পাঠানো একটি ভুয়া হুমকির হুবহু মিল রয়েছে, যেটিকে উত্তর আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিস (পিএসএনআই) আগেই ভুয়া বলে ঘোষণা করেছিল।
পুলিশ স্কটল্যান্ডও জানিয়েছে, তাদের স্কুলগুলোতে পাঠানো বার্তাগুলো কোনো বিশ্বাসযোগ্য হুমকি নয় এবং এগুলোকে সম্পূর্ণ ভুয়া হিসেবে গণ্য করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাইবার ও জালিয়াতি ইউনিট বার্তার উৎস খুঁজে বের করতে কাজ করছে এবং যুক্তরাজ্য ও আন্তর্জাতিক মহলের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করে চলেছে। এর আগে গত ১৯ অক্টোবরও স্কটিশ স্কুলগুলোতে একই কায়দায় গণহারে ভুয়া বোমা হুমকির ই-মেইল পাঠানো হয়েছিল।
ইউরোপজুড়ে সাইবার হামলা ও ভূরাজনৈতিক উত্তেজনা: চলতি মাসে বোমা হুমকির এই আকস্মিক ঢেউয়ের কারণে ইউরোপজুড়ে বিভিন্ন বাণিজ্যিক ফ্লাইটের গতিপথ বদলাতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ, অনেক বিমান মাটিতে নামিয়ে যুদ্ধবিমানের পাহারায় রাখা হয়েছে। এর পাশাপাশি বেশ কয়েকটি ইউরোপীয় শহরের সুপারমার্কেটে মারাত্মক সাইবার হামলা চালানো হয়েছে।
খাবার নষ্ট করার দুরভিসন্ধি থেকে হ্যাকাররা ফ্রিজের তাপমাত্রা ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দিয়েছে। গত সপ্তাহে জার্মানি, রোমানিয়া ও যুক্তরাজ্যের সুপারমার্কেটগুলোতে হিমায়ন ব্যবস্থার তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। এর আগে অক্টোবরে ফ্রান্সের শত শত সুপারমার্কেটে সাইবার হামলার যে ঘটনা ঘটেছিল, তার সঙ্গে বর্তমানের এসব হামলার গভীর মিল রয়েছে।
ফরাসি সুপারমার্কেটের ফ্রিজ অচল করে দেওয়ার ওই সাইবার হামলার জন্য ইরানকে সরাসরি দায়ী করেছে প্যারিস। এমনকি চলতি সপ্তাহে ফ্রান্স ইরানি রাষ্ট্রদূতকে তলবও করেছে। যদিও তেহরান এই ফরাসি অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন ও শত্রুতাপূর্ণ বলে প্রত্যাখ্যান করেছে, তবুও অক্টোবরের ওই ঘটনার কারণে ইতালির এই ভুয়া বোমা হুমকির পেছনেও তেহরানের দিকে সন্দেহের তীর রয়েছে।
অন্যদিকে, ইউক্রেনকে সমর্থনকারী দেশগুলোতে জনজীবন ও শান্তি বিঘ্নিত করতে রাশিয়া এই ধরনের প্রোপাগান্ডা ও সাইবার যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে অনেক ইউরোপীয় কর্মকর্তা সন্দেহ প্রকাশ করছেন। তবে মস্কো বরাবরই এই অভিযোগ অস্বীকার করে একে সম্পূর্ণ কুত্সা ও অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে।